‘শিক্ষকদের কোনও কাজই করতে ইচ্ছে করে না!’ কেন শিক্ষকদের নিয়ে এমন কড়া মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা?

প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে এবার কড়া মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে কাজ করা থেকে অব্যাহতি চেয়ে করা একটি মামলার শুনানিতে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষকেরা ঘরে বসে বেতন উপার্জন করতে চান। তাঁরা কোনো কাজই করতে চান না।”

ঘটনার সূত্রপাত, যখন প্রাথমিক শিক্ষকদের আইনজীবী আদালতে জানান, তার মক্কেলরা বর্তমানে ছয় মাসের ‘ব্রিজ কোর্স’-এর প্রশিক্ষণে রয়েছেন। বিএলও-র কাজ করার জন্য বাড়ি বাড়ি যেতে হবে, যার কারণে তাদের প্রশিক্ষণ ব্যাহত হবে। তাই আদালত যেন এই কাজ থেকে তাদের অব্যাহতি দেয়।

এই আবেদন শুনেই ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেন, “ব্রিজ কোর্স করায় কোনও বাধা না দিয়ে এই কাজ করতে হবে। মামলাকারী শিক্ষকেরা ব্রিজ কোর্সও করতে চান না, আবার বিএলও হিসেবেও কাজ করতে চান না। মনে হচ্ছে, প্রাথমিক শিক্ষকদের কিছুই করতে হবে না।”

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সওয়াল করা হয় যে, বিএলও-র কাজ সাধারণত সন্ধ্যায় করা হয়, যার ফলে শিক্ষকদের স্কুলের বা প্রশিক্ষণের কাজে কোনও ক্ষতি হবে না। তারা আরও জানান, ভোটাররা একটি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন চান, আর এই কাজটি শিক্ষকরা করতে রাজি হচ্ছেন না।

এরপর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, স্কুলের পড়াশোনার ক্ষতি না করে এবং ব্রিজ কোর্সের সূচিতে ক্ষতি না করে শিক্ষকদের বিএলও কাজে নিযুক্তকরণের বিষয়টি বিবেচনা করা হবে।