শিক্ষা প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে কী হয়? বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অবাধে প্রবেশ যুবক-যুবতীদের!

বালুরঘাটের বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়ে রাতের অন্ধকারে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্কুলের সিসিটিভি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে একদল যুবক-যুবতী ভেতরে প্রবেশ করে। এই কাজে স্কুলের নৈশপ্রহরী কানাই দেবনাথ তাদের সাহায্য করছিলেন বলে অভিযোগ।

গতকাল রাতে স্থানীয় গ্রামবাসীরা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তারা স্কুলের দিকে এগিয়ে যেতেই একটি যুগল পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন।

কী বলছেন স্কুল কর্তৃপক্ষ?
এই ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী জানান, রাতে বিক্ষোভের কথা তিনি শুনেছেন। সকালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, রাত ৯টা ২১ মিনিট থেকে ৯টা ২৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। নৈশপ্রহরী কানাই দেবনাথ নিজে সিসিটিভি বন্ধ করার কথা স্বীকার করেছেন।

প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ের পরিচালন সমিতির সঙ্গে এই বিষয়ে একটি জরুরি বৈঠক হয়েছে। নৈশপ্রহরীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, গত কয়েক মাস ধরেই স্কুলের ভেতরে এমন অনৈতিক কার্যকলাপ চলছিল।