সমুদ্রপথ নিরাপদ না হলে ধ্বংস হবে বিশ্ব অর্থনীতি! ব্রিকসের মঞ্চ থেকে কাকে কড়া বার্তা দিলেন মোদি?

বিশ্ব অর্থনীতিতে ব্রিকস (BRICS) গোষ্ঠীর ক্রমবর্ধমান শক্তির কথা তুলে ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থা আরও নিরাপদ ও স্থিতিশীল করার ওপর জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস বিজনেস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান যে, বিশ্ব অর্থনীতির স্বার্থে সমুদ্রপথে অবাধ চলাচল এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বর্তমানে বিশ্বের বাণিজ্যিক পরিবহণের সিংহভাগই সমুদ্রপথের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে সামুদ্রিক বাণিজ্যে বারবার বিঘ্ন ঘটায় গোটা বিশ্বের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেন মারাত্মক চাপের মুখে পড়ছে। এই প্রসঙ্গেই নিরাপদ ও স্থিতিস্থাপক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল এবং জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তার প্রতি ভারতের আপসহীন সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের বিশাল ভূমিকার কথা তুলে ধরে মোদি জানান, বর্তমানে এই গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে বিশ্বের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা। এমনকি বিশ্ব অর্থনীতির মোট জিডিপি-র প্রায় ৪০ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ২৫ শতাংশেরও বেশি এই দেশগুলির সঙ্গে যুক্ত। পরিসংখ্যানে দেখা গেছে, গত কয়েক বছরে ব্রিকসভুক্ত দেশগুলির সম্মিলিত অর্থনীতি প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে বিশ্বের সামগ্রিক জিডিপি বেড়েছে প্রায় আড়াই গুণ। অর্থাৎ, বিশ্ব অর্থনীতির গড় গতির তুলনায় ব্রিকস দেশগুলির অর্থনৈতিক শক্তি প্রায় দ্বিগুণ গতিতে এগিয়ে চলেছে।

অর্থনৈতিক শক্তির পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তির জগতেও ব্রিকস দেশগুলি এক অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় উদ্যোগ থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি—সবক্ষেত্রেই নতুন নতুন সমাধানের পথ প্রশস্ত হচ্ছে। ভারতের আয়োজিত এবারের এই ব্রিকস বিজনেস ফোরামকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যবসায়িক ফোরাম হিসেবে উল্লেখ করে তিনি জানান, সদস্য দেশগুলির পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার আগামী দিনে বিশ্ব বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।