শাহরুখের ছেলেকে নিয়ে তোলপাড় বলিউড, আরিয়ানের সিরিজে একসাথে দুই খান, ট্রেলার দেখে উত্তেজনা চরমে

বহুল প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ট্রেলার মুক্তির পর থেকেই গোটা দেশে হইচই পড়ে গিয়েছে। এই সিরিজটি দিয়েই পরিচালক হিসেবে বলিউডে পা রাখছেন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। তবে সবচেয়ে বড় চমক, ট্রেলারে শাহরুখ খান এবং আমির খানের একসঙ্গে উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে, যা বলিউড ভক্তদের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ট্রেলার শুরু হয়েছে এক স্বপ্নের কাহিনীর মধ্য দিয়ে। আসমান সিং (অভিনয়ে লক্ষ্য) নামের এক যুবক বলিউডের বড় তারকা হওয়ার স্বপ্ন দেখে। এই পথে তার সবচেয়ে কাছের বন্ধু পরভেজ (অভিনয়ে রাঘব জুয়াল) সবসময় তার পাশে থাকে। অনেক সংগ্রামের পর আসমান যখন গ্ল্যামার জগতে প্রবেশ করে, তখন সে ধীরে ধীরে ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলোর মুখোমুখি হয়।
ট্রেলারে যা যা দেখা গেল
ট্রেলারে দেখা যায়, তারকাখ্যাতি অর্জনের জন্য আসমানকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন সে সুপারস্টার অজয় তালওয়ারের (অভিনয়ে ববি দেওল) সঙ্গে কাজ করতে শুরু করে। এছাড়াও সিরিজে মোনা সিং, আন্যা সিং, গৌতমী কাপুর, মনোজ পাহওয়া, বিজয়ন্ত কোহলি এবং মনীষ চৌধুরীর মতো অভিজ্ঞ অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সিরিজটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। আরিয়ান খানের পাশাপাশি এর সহ-প্রযোজক ও লেখক হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকী এবং মানব চৌহান। এই সিরিজটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের সংগ্রাম এবং বাস্তবতার এক প্রতিচ্ছবি তুলে ধরবে।