“শানুর ভক্তিতে রক্তারক্তি কাণ্ড!”-ব্লেড দিয়ে গলা কাটলেন যুবক, খবর পেয়েই যা করলেন গায়ক…

নয়ের দশকের রোমান্টিক গানের রাজা কুমার শানুর জনপ্রিয়তার কথা সবারই জানা। কিন্তু শানু-ভক্তির এমন চরম এবং ভয়ানক নিদর্শন আগে কখনও দেখা যায়নি। মধ্যপ্রদেশের জব্বলপুরের এক ৩২ বছর বয়সী যুবকের মাথায় এমনই ‘ভূত’ চেপেছে যে, তিনি বিশ্বাস করতে শুরু করেছেন কুমার শানু ছাড়া অন্য কোনও গায়কের গান শুনলে তাঁকে খুন করে ফেলা হবে! এই অদ্ভুত ভ্রম বা সাইকোসিসের জেরে গত ১০ ও ১১ জানুয়ারির মধ্যে ওই যুবক তিন-তিনবার আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার সূত্রপাত হয় যখন বিহারের ছাপরার বাসিন্দা ওই যুবক নাগপুর থেকে ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন। ট্রেনে থাকাকালীনই তাঁর মনে হয় তিনি সোশ্যাল মিডিয়ায় অন্য গায়কের গান শুনে কুমার শানুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ভয়ে তিনি ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সহযাত্রীরা তাঁকে বাঁচিয়ে নেন। এরপর জব্বলপুর রেল স্টেশনের শৌচালয়ে গিয়ে ব্লেড দিয়ে নিজের হাতের কব্জি ও গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। পুলিশ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে, সেখান থেকেও ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ওই যুবক।

রেল পুলিশ (GRP) ইনচার্জ সঞ্জীবনী রাজপুত জানিয়েছেন, ওই যুবকের মনে গেঁথে গিয়েছিল যে শানুর অন্য ভক্তরা তাঁকে খুঁজে বের করে মেরে ফেলবে। মনোবিদ ডাঃ সত্যকান্ত ত্রিবেদীর মতে, এটি ‘ডোপামিন’ হরমোনের ভারসাম্যহীনতার কারণে তৈরি হওয়া এক তীব্র মানসিক রোগ বা ডিলুশন। এই অবস্থায় রোগী কাল্পনিক বিষয়কে চরম সত্য বলে বিশ্বাস করতে শুরু করে।

এই শিউরে ওঠা খবর গায়ক কুমার শানুর কানে পৌঁছাতেই তিনি বিচলিত হয়ে পড়েন। তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট মনোবিদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং যুবকের স্বাস্থ্যের খোঁজ নেন। শানু জানিয়েছেন, তিনি তাঁর ভক্তদের এমন আচরণে মর্মাহত এবং ওই যুবককে ব্যক্তিগতভাবে সাহায্য করতে চান। চিকিৎসকদের মতে, প্রিয় তারকার প্রতি আবেগ থাকা স্বাভাবিক, কিন্তু তা যখন উন্মাদনায় পরিণত হয়, তখন তা জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy