শর্ট-সার্কিট নাকি অন্য কিছু? মেটিয়াবুরুজে আগুনের গ্রাসে ৫০০ সেলাই মেশিন! জনবহুল এলাকায় চরম আতঙ্ক

কলকাতা সংলগ্ন মেটিয়াবুরুজে সেলাই মেশিনের একটি দোকানে ভয়াবহ আগুনে লাগার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। ভোর রাতে মেটিয়াবুরুজের কারবালা এলাকার জনবহুল স্থানে অবস্থিত ওই দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং নিজেরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। এছাড়া রাজাবাগান থানা ও রবীন্দ্রনগর থানার পুলিশকর্মী এবং স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলরাও সেখানে উপস্থিত হন। ব্যবসায়ী শেখ শাহাজামালের দোকানে এই আগুন লাগার ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে।

দমকলের ৩টি ইঞ্জিনের কর্মীরা প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে পুরো দোকান এবং দোকানে থাকা প্রায় ৫০০টিরও বেশি দামি সেলাই মেশিন ও মেশিন তৈরির সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগার কারণ কী? দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, দোকানে কোনো দাহ্য পদার্থ মজুত ছিল কিনা, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে দমকল ও পুলিশ।

সাম্প্রতিক সময়ে শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঘটনা বাড়ছে। প্রশাসন জানিয়েছে, বারবার কেন একই ধরনের ঘটনা ঘটছে, সেই বিষয়টি তদন্ত করে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।