থালাপথি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া কি শুধুই সময়ের অপেক্ষা, নাকি অঙ্ক আটকে যাচ্ছে মাঝপথে? তামিলনাড়ু ভেত্রি কাজাগাম (TVK) প্রধানের দেহরক্ষী অরুণ সুরেশের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। অরুণ তামিল ভাষায় লিখেছেন, “আত্মবিশ্বাস রাখুন, ভালো কিছুই ঘটবে।” এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র জল্পনা। কমল হাসান থেকে শুরু করে বিশাল—দক্ষিণী সিনেমার হেভিওয়েট তারকারা বিজয়কে শুভেচ্ছা জানালেও জয়ের পথটা কিন্তু খুব একটা মসৃণ হচ্ছে না।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১১৭। বিজয়ের টিভিকে ১০৮টি আসন জিতে বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গড়ার জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা তাদের হাতে নেই। যদিও বিজয় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন, কিন্তু সমর্থন জোগাড় করা নিয়ে তৈরি হয়েছে সংকট। কংগ্রেসের ৫ জন এবং বামপন্থী দলগুলোর সমর্থনে বিজয়ের পাল্লা কিছুটা ভারী হলেও, শেষ মুহূর্তে ডিএমকে শিবিরের আইইউএমএল সমর্থন দিতে অস্বীকার করায় পরিস্থিতি বদলে যায়। অন্যদিকে, ভিসিকে-র মতো দলগুলোও এখন দোদুল্যমান। সব মিলিয়ে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে এখন রুদ্ধশ্বাস উত্তেজনা বিরাজ করছে।





