শতরানের পরই মেজাজ হারালেন বাবর আজম, আউট হয়ে উইকেটে আঘাত, আইসিসি-র জরিমানার সঙ্গে যোগ হল ডিমেরিট পয়েন্ট

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ানডে (ODI) সিরিজে ব্যাট হাতে শতরানের খরা কাটিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম। ৮৩ ইনিংস পর তাঁর আন্তর্জাতিক শতরান পাকিস্তানকে ঘরের মাঠে সিরিজ জিততে সাহায্য করেছিল। কিন্তু সেঞ্চুরিতে ফেরার পরের ম্যাচেই এমন এক ঘটনা ঘটালেন তিনি, যার জন্য তাঁকে বড়সড় জরিমানা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

বাবর আজমকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং সেই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের জেরে তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত দু’বছরে এই প্রথম বাবর আজমের নামে কোনও ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো।

ঘটনাটি ঘটে গত ১৬ নভেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে। শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করা সিরিজের শেষ ম্যাচে বাবর আজম যখন জেফেরি ভ্যান্ডারসের ডেলিভারিতে ক্লিন বোল্ড হন, তখন হতাশায় ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। ম্যাচ অফিসিয়ালরা এই আচরণকে ভালোভাবে দেখেননি।

আইসিসি-র নিয়মবিধির ২.২ ধারা (ক্রিকেট সরঞ্জাম অপব্যবহার) লঙ্ঘন করার অপরাধে বাবর আজমকে এই শাস্তি দেওয়া হয়। দুটি অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার ফয়জল আফ্রিদির রিপোর্টের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, ব্যাট দিয়ে উইকেটে আঘাত করে বাবর আজম লেভেল-ওয়ান বা প্রথমস্তরীয় অপরাধ করেছেন। লেভেল-ওয়ান অপরাধে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং সর্বাধিক দু’টি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। বাবর এই শাস্তি মেনে নেওয়ায় আলাদা করে শুনানির আর কোনও প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে বাবর আজমের ব্যাট থেকে এসেছিল ১১৯ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস। এই ইনিংসেই তিনি কিংবদন্তি সঈদ আনোয়ারকে ছুঁয়ে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে যৌথভাবে সর্বাধিক ২০টি সেঞ্চুরির নজির গড়েন।