শখের সান্দাকফু ভ্রমণই হল কাল! প্রবল শ্বাসকষ্টে মারা গেলেন যাদবপুরের অনিন্দিতা, পর্যটন মহলে চরম উদ্বেগ

সান্দাকফুর উচ্চতায় ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কলকাতার এক বৃদ্ধার। সোমবার দুপুরে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পরেই প্রবল শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন যাদবপুরের বাসিন্দা ৭২ বছর বয়সী অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। দ্রুত হাসপাতালে নামানো হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, চারদিন আগে পরিবারের সদস্য, যার মধ্যে তাঁর বোনও ছিলেন, তাঁদের সঙ্গে নিয়ে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন অনিন্দিতা দেবী। দার্জিলিং, লেপচাজগত এবং টুমলিং হয়ে তাঁরা সোমবার সকালে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা হন। সূত্রের খবর, উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে।
ঘটনার পরই সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের জরুরি সহায়তায় তাঁকে তড়িঘড়ি সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে আসা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে জিটিএ-র (GTA) একাধিক আধিকারিক হাসপাতালে পৌঁছন। জিটিএ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য দেহ শিলিগুড়িতে আনা হবে।
এই ঘটনা পর্যটন প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মরশুমের শুরুতেই পর্যটকদের ভিড় বাড়লেও, চিকিৎসকরা পুনরায় সতর্ক করেছেন যে, উচ্চতা এবং তীব্র ঠান্ডার কারণে শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পাহাড়ে ওঠার আগে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা ও শারীরিক সক্ষমতা যাচাই করা একান্ত জরুরি।