২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আড়াআড়ি বিভক্ত তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিনের দাপুটে নেতা শওকত মোল্লাকে টিকিট না দিয়ে মহম্মদ বাহারুল ইসলামকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন শওকতের অনুগামীরা। মঙ্গলবার রাত থেকেই ক্যানিং পূর্বের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ শুরু হয়, যার জেরে থমকে যায় জনজীবন।
বিক্ষোভকারীদের সাফ দাবি, এলাকায় সংগঠনের ভিত মজবুত করা ভূমিপুত্র শওকত মোল্লাকেই প্রার্থী করতে হবে। ‘বহিরাগত’ প্রার্থী বাহারুল ইসলামকে তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না। পরিস্থিতি সামাল দিতে খোদ শওকত মোল্লা ময়দানে নেমে অনুগামীদের শান্ত করার চেষ্টা করলেও, কর্মীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনের ফলে বড় প্রভাব ফেলতে পারে।
তবে ক্যানিং পূর্ব উত্তপ্ত থাকলেও ঠিক উল্টো ছবি দেখা গিয়েছে ক্যানিং পশ্চিম ও বারুইপুর পূর্বে। ক্যানিং পশ্চিমে পরেশরাম দাসের নাম ঘোষণা হতেই সবুজ আবির খেলে উৎসবে মাতেন কর্মীরা। অন্যদিকে, বারুইপুর পূর্বে বিভাস সর্দারের নাম আসতেই তিনি নিজে দেওয়ালে চুন-কাম করে প্রচার শুরু করে দেন। দুই কেন্দ্রেই জয়ের বিষয়ে ব্যাপক আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।