লুকোচুপি করেও হল না শেষরক্ষা, ম্যারাথন রানার ফৌজা সিংয়ের গ্রেফতার প্রবাসী ভারতীয়

দেশের ক্রীড়ামহলকে শোকস্তব্ধ করে চলে গেলেন ১১৩ বছর বয়সী ম্যারাথন রানার ফৌজা সিং, যিনি ‘টার্বান্ড টর্নেডো’ নামেই পরিচিত ছিলেন। গত সোমবার জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত হন তিনি। আচমকাই একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফৌজা সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে পাঞ্জাব পুলিশ ৩০ বছর বয়সী প্রবাসী ভারতীয় (NRI) অমৃতপাল সিং ধিলোঁকে গ্রেফতার করেছে।
জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয়:
১৯১১ সালের পয়লা এপ্রিল পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণ করা ফৌজা সিং ৮৯ বছর বয়সে প্রথম রেসের ট্র্যাকে নামেন। এরপর ২০০০ সালে লন্ডন ম্যারাথনে দৌড়ানোর পর থেকে তিনি আর থামেননি। ৪২ কিলোমিটার ম্যারাথনে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকের মশালবাহকও ছিলেন তিনি। এমনকি কয়েক বছর আগে ডেভিড বেকহ্যাম এবং মহম্মদ আলীর মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন। ১০২ বছর বয়সে প্রতিযোগিতামূলক দৌড় থেকে অবসর নিলেও, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দিব্যি হেঁটে-চলে বেড়িয়েছেন এবং নেশামুক্ত সমাজ গড়ার জন্য সচেতনতামূলক প্রচারেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।
দুর্ঘটনা ও গ্রেফতারি:
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ফরচুনার এসইউভি গাড়িকে চিহ্নিত করা হয়, যা দুর্ঘটনা ঘটিয়েছিল। গাড়িটি কাপুরথালার বাসিন্দা ভারিন্দর সিংয়ের নামে রেজিস্টার করা থাকলেও, তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি দু’বছর আগে গাড়িটি অমৃতপাল সিং ধিলোঁকে বিক্রি করেছিলেন। অমৃতপাল কিছুদিন আগেই কানাডা থেকে ফিরেছেন।
এক পুলিশকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর অমৃতপাল গাড়ি নিয়ে আর জলন্ধর শহরে ঢোকেননি। বরং বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে পালিয়ে নিজের গ্রামে পৌঁছন। মঙ্গলবার রাতে জলন্ধরের দাসুপুরের বাসিন্দা অমৃতপালকে হেফাজতে নিয়েছে পুলিশ এবং ভোগপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমৃতপাল এক প্রৌঢ় ব্যক্তিকে আঘাত করার কথা স্বীকার করে নিয়েছেন। তবে তখনও তিনি জানতেন না যে সেটি ফৌজা সিং। বুধবার অমৃতপালকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।
ফৌজা সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তার দীর্ঘ জীবন, অদম্য স্পৃহা এবং সমাজসেবামূলক কাজ বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।