‘লাল জাঙ্গিয়া পরা লোক!’ গাজা নিয়ে বামেদের মিছিলে চরম কটাক্ষ তথাগত রায়ের, কেন ক্ষুব্ধ প্রাক্তন রাজ্যপাল?

গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলের আগ্রাসন এবং প্যালেস্তিনীয়দের উপর হামলার প্রতিবাদে কলকাতায় বামপন্থী দলগুলির মিছিলকে চরম কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বাংলাদেশের হিন্দুদের উপর চলা নির্যাতনের ইস্যু তুলে তিনি সরাসরি বাম নেতা-কর্মীদের ‘লজ্জাশরম’ নেই বলে আক্রমণ শানিয়েছেন।

‘লাল জাঙ্গিয়া পরা লোকগুলোর কি লজ্জা নেই?’
রবিবার (৫ অক্টোবর) সমাজমাধ্যম ‘এক্স’ (সাবেক ট্যুইটার)-এ তথাগত রায় তাঁর ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, “গতকাল কলকাতায় বামপন্থী দলগুলো মিছিল বের করেছিল, গাজায় কি-না-কি হচ্ছে তার প্রতিবাদে এই লাল জাঙ্গিয়া পরা লোকগুলোর কি ন্যূনতম লজ্জাশরমও নেই?”

প্রাক্তন রাজ্যপাল তাঁর বার্তায় আরও বলেন, “যেখানে আমাদের নিকটতম আত্মীয় বাংলাদেশের হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন চলেছে সেখানে গাজায় কী হচ্ছে তাই নিয়ে রাস্তায় নেমে হাউ হাউ!” অর্থাৎ, তাঁর মতে, বামেদের উচিত ছিল দেশের সীমান্তবর্তী অঞ্চলের এবং প্রতিবেশী দেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে সরব হওয়া।

শহরে কেন প্রতিবাদ মিছিল করেছিল বামেরা?
প্রসঙ্গত, শনিবার, দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই দ্বাদশীর দিনে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করে বিভিন্ন বাম দল।

মিছিলের মূল দাবি ছিল গাজ়ার জন্য ত্রাণবাহী নৌ-বহর ‘ফ্লোটিলা’কে ইজ়রায়েলের আটকে দেওয়ার প্রতিবাদ এবং গাজ়ায় গণহত্যা বন্ধের দাবি। বাম নেতৃত্ব এই মিছিল থেকে আমেরিকা ও ইজ়রায়েলের ভূমিকার কড়া সমালোচনা করেন। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।

তবে সেই মিছিলেই তথাগত রায়ের এই বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল। প্রাক্তন রাজ্যপালের এই কটাক্ষের পর বামেদের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, এখন সেটাই দেখার।