লালকেল্লা বিস্ফোরণে আমেরিকার ‘গভীর উদ্বেগ’, জয়শঙ্করের সঙ্গে বৈঠক! কিন্তু কেন সাহায্য চান না মার্কো রুবিও?

গত ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির লালকেল্লার এক নম্বর গেট সংলগ্ন এলাকায় তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি এবং ২৪ জন গুরুতর আহত হওয়ার পর দেশজুড়ে তোলপাড়। এই ঘটনার তদন্তে নেমেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এবার এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।

সূত্রের খবর, বর্তমানে কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। বুধবার বৈঠকের ফাঁকেই তাঁদের মধ্যে আলোচনা হয়।

দিল্লির ঘটনায় মার্কো রুবিও’র মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় আমেরিকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তদন্তে কোনওরকম সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় প্রস্তুত। কিন্তু আমার মনে হয়, দিল্লির তা প্রয়োজন নেই। এই ঘটনার তদন্তের কিনারা করতে ভারত একাই যথেষ্ট।”

মার্কো রুবিও’র এই মন্তব্যের প্রেক্ষিতে নয়াদিল্লির তরফে সরকারিভাবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, দিল্লি বিস্ফোরণ নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি হয়েছে। বিস্ফোরণটিকে জঙ্গি হামলা বলতে নারাজ হয়েছে আমেরিকা। বিস্ফোরণের পর আমেরিকার নতুন রাষ্ট্রদূত সার্জিও গর ‘X’ হ্যান্ডলে কেবল নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন—তিনি সন্ত্রাসবাদের কোনও উল্লেখই করেননি। একইসঙ্গে, মার্কিন বিদেশ দফতর দিল্লিতে থাকা আমেরিকান নাগরিকদের জন্য নিরাপত্তা সংক্রান্ত অ্যাডভাইজারি জারি করেছে।