লাদাখ উত্তপ্ত হতেই কড়া পদক্ষেপ কেন্দ্রের, থ্রি ইডিয়টস খ্যাত সোনম ওয়াংচুকের সংস্থার লাইসেন্স বাতিল, কেন?

লাদাখে রাজ্যকে পূর্ণ মর্যাদা দেওয়ার দাবিতে চলা হিংসাত্মক বিক্ষোভের পর পরই কেন্দ্র বড় পদক্ষেপ নিয়েছে। সমাজকর্মী সোনম ওয়াংচুকের এনজিও-এর বিদেশি অনুদান গ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। সরকারি সূত্রে খবর, একাধিকবার ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (FCRA) আইন লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার এই কড়া পদক্ষেপ নিল।
আর্থিক অনিয়ম ও ‘উসকানিমূলক বক্তৃতা’র অভিযোগ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, লাদাখের বর্তমান রক্তক্ষয়ী বিক্ষোভের নেপথ্যে সোনম ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্য রয়েছে। বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি এবং নির্বাচন অফিসে হামলা চালায়, যাতে অন্তত চারজন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন।
এছাড়াও, ওয়াংচুকের এনজিও সেকমল (SECMOL)-এর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তে দেখা গেছে, এনজিও-এর এফসিআরএ অ্যাকাউন্টে নগদ ৩.৩৫ লক্ষ টাকা জমা পড়েছে, যা আইন অনুযায়ী নিষিদ্ধ। এনজিও-এর পক্ষ থেকে এই অর্থের উৎস হিসেবে একটি পুরোনো বাস বিক্রির কথা বলা হলেও, সরকার তা গ্রহণ করেনি।
এক সুইডিশ দাতার কাছ থেকে পাওয়া ৪.৯৩ লক্ষ টাকার অনুদান নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র। এই অনুদান ‘যুব সচেতনতা’ কর্মসূচির জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এর বিষয়বস্তু দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করা হচ্ছে।
শো-কজ নোটিস ও লাইসেন্স বাতিল
গত ১০ সেপ্টেম্বর কেন্দ্র সোনম ওয়াংচুকের সংস্থাকে একটি শো-কজ নোটিস পাঠিয়েছিল। কিন্তু তার জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের অভিযোগ, ওয়াংচুক শুধু বিক্ষোভেই উসকানি দেননি, তার সংগঠনের ভেতরেও আর্থিক গরমিল ছিল। কেন্দ্রের এই কড়া পদক্ষেপের ফলে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত সোনম ওয়াংচুক কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন।