“লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন ও বিশ্বাসের লড়াই!”-NEET প্রশ্নপত্র ফাঁস বিতর্কে মুখ খুললেন জিৎ

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকাণ্ড, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে উত্তাল গোটা দেশ। এই বিতর্কিত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তীব্রতর হচ্ছে আন্দোলন। রাজধানী দিল্লির যন্তর মন্তরে অনশনরত পরীক্ষার্থীদের সমর্থন জানাতে এবার আসরে নামলেন টলিউড সুপারস্টার জিৎ এবং জনপ্রিয় গায়ক রূপম ইসলাম।

ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডলে স্পষ্ট বার্তা দিয়ে অভিনেতা জিৎ লিখেছেন, এই লড়াই কেবল একটি পরীক্ষার নয়, এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন ও বিশ্বাসের লড়াই। নিজের বার্তায় কোনও রাজনৈতিক রঙ না চড়িয়ে, একজন সাধারণ অভিভাবকের গভীর দায়িত্ববোধ থেকেই তিনি শিক্ষার্থীদের দাবি ও ন্যায়বিচারের পক্ষে সওয়াল করেছেন।

জিতের মতে, এই ঘটনা কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থা পাওয়ার অধিকার রয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি উল্লেখ করেন, যাতে ভবিষ্যতে এমন কাণ্ড করার সাহস কেউ না পায়। তবে বক্তব্যের শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে অভিনেতা স্পষ্ট করে দেন, এই আন্দোলন যেন কোনও রাজনৈতিক কার্যসিদ্ধি বা ফায়দা তোলার মাধ্যম না হয়ে ওঠে। শিক্ষার্থীরা কেবল সঠিক উত্তর, ন্যায়বিচার এবং আত্মবিশ্বাস পাওয়ার যোগ্য।

সাধারণত রাজনৈতিক বা সাম্প্রতিক সামাজিক ইস্যুতে প্রকাশ্যে খুব একটা মন্তব্য করতে দেখা যায় না জিৎকে। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে তাঁর এই নীতিগত অবস্থান সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জিতের পাশাপাশি ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট গায়ক রূপম ইসলামও। একেবারে ভিন্ন কায়দায় প্রতিবাদে শামিল হয়েছেন তিনি। প্রায় আট বছর আগে দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা ছাত্র আন্দোলন ও শিশুশ্রমের বিরোধিতায় তিনি একটি গান লিখেছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেই গানটি কতটা প্রাসঙ্গিক, তা মনে করিয়ে দিতেই গানটির একটি বিশেষ অংশ সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করেন তিনি।

তাঁর গাওয়া ‘সংহতি জানাই’ গানটির সেই লাইনে রয়েছে প্রতিবাদের সুর— ‘ছাত্রেরা বাকস্বাধীনতা চায়, ওঁরা হাঁটে যুক্তির রাস্তায়/ সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই।’ শুধু ছাত্রদের সমর্থনই নয়, একই সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়ে রকস্টার গেয়েছেন— ‘তুমি লেঠেল পাঠালে প্রশাসক, তুমি বশ্যতা চাও বিরোধীর / জেনে নাও সবাই নয় স্তাবক, ওঁরা আগুন নতুন পংক্তির।’ মানুষের স্বাধীনতা এবং বিপ্লবের বার্তা নিয়ে তৈরি এই গানের লাইনগুলি বর্তমান NEET আন্দোলনের প্রেক্ষাপটে ফের নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।