রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদনে ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রের, ৭২৮০ কোটি টাকার প্রকল্পে আত্মনির্ভরতার পথে ভারত

বিরল খনিজ (Rare Earth Permanent Magnet) উৎপাদনে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল মোদী সরকার। এই খাতে চীনের উপর বিপুল নির্ভরতা কমাতে বুধবার ৭ হাজার ২৮০ কোটি টাকার একটি বিশাল উৎপাদন প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এই বিরল খনিজ মূলত বৈদ্যুতিক বাহন (EV), পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন, উন্নত ইলেকট্রনিক্স, বিমান পরিষেবা এবং প্রতিরক্ষা ব্যবস্থার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ব্যবহৃত হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্প সম্পর্কে জানিয়েছেন, এটি দেশে বিরল খনিজ উৎপাদনে উৎসাহ যোগাবে। প্রাথমিকভাবে বছরে ৬,০০০ মেট্রিক টন বিরল খনিজ এবং ১,২০০ মেট্রিক টন রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই উৎপাদনের জন্য দেশে মোট পাঁচটি ইউনিট তৈরি করা হবে।
সূত্রের খবর, আগামী পাঁচ বছরে বিরল খনিজের চাহিদা প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্র এই প্রকল্পের জন্য সাত বছরের সময়সীমা বেঁধে দিয়েছে, যার মধ্যে প্রথম দু’বছর নির্মাণ ও পরিকাঠামো তৈরির কাজে ব্যয় হবে। এরপর পুরোদমে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই সামগ্রিক প্রকল্পে মোট ৭,২৮০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
বর্তমানে ভারতে বার্ষিক প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ মেট্রিক টন রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের প্রয়োজন হয়। এই সময়ে যখন কিছু দেশ এই খাতে বিনিয়োগ কমাচ্ছে, তখন ভারতের এই বড় পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই খাতটি দেশের আত্মনির্ভরতার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ভারতে আনুমানিক ৬.৯ মিলিয়ন টন বিরল খনিজের মজুদ রয়েছে।