রাস্তার কুকুরকে বাঁচাতে গিয়ে সোজা ট্রাকের নিচে! ভাগ্যের জোরে বেঁচে ফিরলেন দুই যুবক

এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার কুকুরকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে গেলেন দুই যুবক। তবে অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে মাদারিহাটের এক পেট্রল পাম্পের কাছে। ওই দুই যুবক বাইকে করে জয়গাঁর দিকে যাচ্ছিলেন। হঠাৎই একটি পথকুকুর তাঁদের বাইকের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যান।
এই ভয়াবহ দৃশ্য দেখে ট্রাকচালক ও স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তাঁরা ওই দুই যুবককে ট্রাকের নিচ থেকে বের করে আনেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।
মাদারিহাটে পরপর দুর্ঘটনা ঘটতে থাকায় স্থানীয়রা চিন্তিত। এই ঘটনার পর স্থানীয় বাইক ও গাড়ি চালকরা একটি অভিনব প্রস্তাব দিয়েছেন। তাঁরা দাবি করছেন, এলাকার পথকুকুরদের গলায় রেডিয়াম কলার পরানো হোক। এতে রাতের অন্ধকারে গাড়ির আলোয় এই কলার জ্বলজ্বল করবে এবং দূর থেকে পথকুকুরের উপস্থিতি বোঝা যাবে। ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে বলে তাঁরা মনে করছেন।