বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধকালীন উত্তেজনার মধ্যেই ভারতের ম্যাঙ্গালুরু বন্দরে দেখা গেল এক বিরল ও তাৎপর্যপূর্ণ দৃশ্য। একদিকে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর পশ্চিমি দেশগুলোর নানা নিষেধাজ্ঞা, অন্যদিকে আমেরিকার সঙ্গে রাশিয়ার চরম সংঘাত—এই ত্রিমুখী পরিস্থিতির মাঝেই ভারতের বন্দরে একই সঙ্গে ভিড়ল রাশিয়া ও আমেরিকার পণ্যবাহী বিশাল জাহাজ।
ম্যাঙ্গালুরু বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে আসা একটি বিশাল কার্গো জাহাজ ভর্তি করে আনা হয়েছে অপরিশোধিত তেল (Crude Oil)। ঠিক একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা অন্য একটি জাহাজ নিয়ে এসেছে বিপুল পরিমাণ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি (LPG)। বিশ্ব রাজনীতিতে এই দুই দেশ একে অপরের ঘোর বিরোধী হলেও, ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দুই শক্তির সঙ্গেই ভারসাম্য বজায় রেখে চলেছে মোদী সরকার।
ইতিমধ্যেই বন্দরে জাহাজ দুটি থেকে পণ্য খালাসের প্রক্রিয়া যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। প্রতিরক্ষা এবং কূটনীতি বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের নিরপেক্ষ এবং শক্তিশালী বিদেশনীতিরই প্রতিফলন। একদিকে সস্তায় রাশিয়ার তেল সংগ্রহ করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা, অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা—ভারতের এই ‘ডাবল গেম’ এখন বিশ্বজুড়ে চর্চার বিষয়। ম্যাঙ্গালুরু বন্দরের এই ব্যস্ততা প্রমাণ করে দিচ্ছে যে, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ভারত তার নিজের স্বার্থে আপস করতে নারাজ।