রামপুরহাটে বিকট শব্দে বিস্ফোরণ! অক্সিজেন সিলিন্ডার ফেটে উড়ে গেল ২ শ্রমিকের হাত-পা, এলাকায় চরম আতঙ্ক

বীরভূমের রামপুরহাটে সাতসকালে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার সকালে মাড়গ্রাম মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধারে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয়েছেন দুই ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একজন শ্রমিকের হাত এবং আরেকজনের পা উড়ে গেছে বলে জানা গেছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

এদিন সকালে জাতীয় সড়কের কাছে কয়েকজন শ্রমিক গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার নামাচ্ছিলেন। সেই সময় একটি সিলিন্ডার বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের সমস্ত বাড়ির কাঁচের দরজা-জানলা ভেঙে পড়ে এবং সিলিন্ডারের মোটা প্লেট পর্যন্ত দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কায় আহত দুই ব্যক্তি প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন

পুলিশের উদ্ধারকার্য:

সাতসকালে হাড়হিম করা এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জাতীয় সড়কের ধারে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ প্রশাসন। পুলিশ এসে আহত দুই শ্রমিককে উদ্ধার করে তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। আহত দুই শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি।

রামপুরহাট থানার পুলিশ এই ভয়াবহ বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় জাতীয় সড়কের যানজট নিয়ন্ত্রণে আসে।