রান্না ভালোবাসেন? সরকারি চাকরি দিচ্ছে SAI, বেতন ৫০ হাজার টাকা

রান্নাকে শখ বা স্ট্রেস রিলিফের উপায় হিসেবে দেখেন অনেকে। কিন্তু আপনার রান্নার হাত যদি ভালো হয়, তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! আপনি পেতে পারেন সরকারি চাকরি, যেখানে মাস মাইনে হবে ৫০ হাজার টাকা।
সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) অ্যাসিস্ট্যান্ট শেফ (সহকারী রাঁধুনি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গুরুত্বপূর্ণ তারিখ ও পদ:
- মোট পদ সংখ্যা: ১টি
- আবেদন শুরু: ২ অক্টোবর
- আবেদনের শেষ দিন: ১৭ অক্টোবর, বিকেল ৫টা
কারা আবেদন করতে পারবেন?
এই সহকারী রাঁধুনির পদের জন্য আবেদনকারীর বয়স ৫০ বছরের কম হতে হবে। এটি মূলত চুক্তিভিত্তিক চাকরি। প্রাথমিকভাবে ৪ বছরের জন্য চুক্তি করা হবে, যা পরে কাজের দক্ষতার ওপর ভিত্তি করে বাড়ানো হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা:
- আবেদনকারীর অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
- এছাড়াও, ক্যাটারিং টেকনোলজি বা কালিনারি আর্টসে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া ও কাজের ধরন:
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত মেধা তালিকা (Merit List) ইন্টারভিউয়ের ফলাফলের ভিত্তিতে তৈরি করা হবে।
সহকারী শেফের কাজগুলি কী হবে?
- প্রধান রাঁধুনিকে প্রতিদিনের রান্নায় সাহায্য করা।
- প্রধান রাঁধুনির দেওয়া মেনু অনুযায়ী রান্নার জোগাড় করা বা প্রয়োজনীয় রান্না করা।
- রান্নাঘরের স্বাস্থ্যবিধি (Hygiene) বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দেখভাল করা।
- কাঁচামালের স্টক বুঝে নেওয়া এবং সেটির সঠিক হিসাব রাখা।
- বিভিন্ন অনুষ্ঠানের সময় বুফে মেন্যুর আয়োজন করা।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীরা SAI-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
- ওয়েবসাইটে লগইন করে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য একটি বৈধ ফোন নম্বর ও ই-মেল অ্যাড্রেস দিতে হবে।
- রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে অনলাইনে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, দশম ও দ্বাদশ শ্রেণির নম্বর সহ সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মানপত্র, নিজের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে ফর্মের সঙ্গে আপলোড করতে হবে।
যারা ইতিমধ্যেই অন্য কোনো সরকারি চাকরিতে আছেন, তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নির্বাচিত হলে কর্তৃপক্ষকে একটি নো অবজেকশন সার্টিফিকেট (NOC) জমা দিতে হবে।