রান্নার গ্যাস নিয়ে জরুরি আপডেট! ৩১ অগাস্টের মধ্যে না করলে কী কী সমস্যায় পড়তে পারেন?

এলপিজি (LPG) গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল কেন্দ্র সরকার। রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ই-কেওয়াইসি (e-KYC) করার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আপনারও যদি এলপিজি সংযোগ থাকে, তবে সময়সীমা শেষ হওয়ার আগেই অনলাইন বা অফলাইনের মাধ্যমে দ্রুত এই যাচাইকরণ প্রক্রিয়াটি সেরে নেওয়া অত্যন্ত জরুরি।
যাঁরা এখনও পর্যন্ত এলপিজি সংযোগের ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেননি, নির্দিষ্ট সময়ের পরে তাঁদের গ্যাস সিলিন্ডার বুকিং করতে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার নতুন করে ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ই-কেওয়াইসি না করলে কী সমস্যা হতে পারে?
সিলিন্ডার বুকিং ও ডেলিভারি: ৩১ অগাস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই যে সঙ্গে সঙ্গে আপনার এলপিজি কানেকশন বাতিল হয়ে যাবে, তা নয়। তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডার বুকিং এবং ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।
ভর্তুকি বন্ধ হওয়া: ক্ষেত্রবিশেষে যাচাইকরণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে গ্রাহকরা এলপিজির সরকারি ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ফলে যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অনেক বেশি দামে সিলিন্ডার কিনতে হতে পারে।
কেন বাধ্যতামূলক করা হচ্ছে ই-কেওয়াইসি?
এই ই-কেওয়াইসি প্রক্রিয়া চালুর মূল উদ্দেশ্য হলো, ঘরোয়া এলপিজি সংযোগটি প্রকৃত এবং বৈধ গ্রাহকের নামেই রয়েছে কি না, তা নিশ্চিত করা। পাশাপাশি, সাধারণ মানুষের জন্য নির্ধারিত ভর্তুকিমূল্যে সরবরাহ করা রান্নার গ্যাসের যাতে কোনো রকম অপব্যবহার না হয়, তা কঠোরভাবে রোধ করতে চায় সরকার। এর মাধ্যমে গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তাও সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
ঘরে বসে কীভাবে করবেন ই-কেওয়াইসি?
খুব সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা সম্ভব। এর জন্য আপনার ফোনে Aadhaar FaceRD অ্যাপ এবং আপনার নির্দিষ্ট গ্যাস সংস্থার মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে।
ইন্ডেন (Indan) গ্রাহকদের ডাউনলোড করতে হবে IndianOil ONE অ্যাপ।
ভারত গ্যাস (Bharatgas) গ্রাহকদের জন্য রয়েছে নিজস্ব অ্যাপ।
এইচপি (HP) গ্রাহকরা ডাউনলোড করবেন HP Pay অ্যাপ।
উল্লেখ্য, সফলভাবে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যিক।