রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’-এ হাড়হিম করা খলনায়িকা ‘আম্মা’ আসলে কে? ফাঁস হল পরিচয়!

এতদিনে নিশ্চয়ই রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’ সিনেমার ট্রেলার দেখে নিয়েছেন? নির্ভীক শিবানী শিবাজি রাওয়ের লড়াই এবার কোনও পুরুষ অপরাধীর বিরুদ্ধে নয়, বরং এক শক্তিশালী নারী চরিত্রের বিরুদ্ধে। শিশু পাচার চক্রের অন্ধকার জগতের নেপথ্যে থাকা সেই ভয়ংকর চরিত্রটির নাম ‘আম্মা’। টিজারে তাঁর সেই শান্ত অথচ নিষ্ঠুর রূপ ইতিমধ্যেই দর্শকদের গায়ে কাঁটা দিয়েছে। কিন্তু জানেন কি, রানির বিপরীতে সমানে সমানে টক্কর দেওয়া এই দক্ষ অভিনেত্রী আসলে কে?

তিনি হলেন মল্লিকা প্রসাদ। বেঙ্গালুরুতে জন্ম নেওয়া মল্লিকা ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-র প্রাক্তনী। অভিনয় জগতের প্রথাগত শিক্ষা তাঁকে গভীর ও বহুস্তরীয় চরিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। তিনি একাধারে অভিনেত্রী, পরিচালক, শিক্ষিকা এবং একনিষ্ঠ নাট্যকর্মী। মূলধারার সিনেমায় পরিচিতি পাওয়ার অনেক আগেই আঞ্চলিক চলচ্চিত্র ও নাট্যজগতে তিনি নিজের জাত চিনিয়েছেন। ১৯৯৯ সালে ‘কানূরু হেগ্গাদিতি’ ছবির মাধ্যমে তাঁর সেলুলয়েডে অভিষেক। এরপর ‘গুপ্তগামিনী’, ‘গর্ভা’ এবং ‘মাঘা ময়ূরী’-এর মতো কন্নড় ছবিতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

শুধু দক্ষিণী ছবিই নয়, মল্লিকা হিন্দি ওটিটি প্ল্যাটফর্মেও পরিচিত মুখ। কঙ্কনা সেন শর্মা ও মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘কিলার স্যুপ’ এবং অনুরাগ কাশ্যপের ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত’ ছবিতে তাঁর কাজ নজর কেড়েছে। পর্দার পিছনেও তাঁর দক্ষতা অবাক করার মতো। তাঁর পরিচালিত শর্ট ফিল্ম ‘মাই এলা’ সুন্দরবন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও এলএ ইন্ডি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।

‘মর্দানি ৩’ সম্পর্কে মল্লিকা জানান, ‘আম্মা’ চরিত্রটি তাঁর জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, আম্মা একজন অশুভ শক্তির প্রতিমূর্তি, যাঁর চরিত্রের একাধিক পরত রয়েছে। এই চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে নিজের ভেতরের অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয়েছে। মল্লিকা বলেন, “যশ রাজ ফিল্মস এবং আদিত্য চোপড়া আমাকে চরিত্রটি স্বাধীনভাবে গড়ে তোলার সুযোগ দিয়েছেন। আম্মা চরিত্রটি সাদা-কালোতে বিচার করা যায় না; এটি নিষ্ঠুরতা ও গভীরতার এক জটিল সংমিশ্রণ।”

রানি মুখোপাধ্যায়ের অভিনয়ের প্রশংসা করে মল্লিকা জানান, বাস্তব জীবনের যে সমস্ত মহিলারা প্রতিদিন অপরাধের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের সাহসিকতাই এই ছবিকে প্রাণ দিয়েছে। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত ‘মর্দানি ৩’ সমাজের এক কঠোর বাস্তবকে তুলে ধরতে আগামী ৩০ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy