রাত ৯টা থেকে সাড়ে ১২টা! বিউটি পার্লারের কর্মীর বাড়িতে ঢুকে নারকীয় কাণ্ড, গ্রেফতার ৩, এখনও পলাতক ২ অভিযুক্ত

কর্মজীবনে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বেঙ্গালুরুতে (Bengaluru) গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন বাংলার এক মহিলা। বেঙ্গালুরুর একটি বিউটি পার্লারে কাজ করা ওই মহিলাকে তাঁর বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছে আরও দু’জন।
রাতে বাড়িতে ঢুকে নারকীয় কাণ্ড
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে পাঁচ দুষ্কৃতী প্রবেশ করে। নির্যাতিতার অভিযোগ, মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে।
অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে ওই মহিলার ওপর শারীরিক নির্যাতন করে। গণধর্ষণের পর মহিলার মোবাইল ও টাকা চুরি করে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরাও মোবাইল ও টাকা চুরির অভিযোগ জানিয়েছেন।
পুলিশি তৎপরতা: ৩ জন গ্রেফতার, চলছে তল্লাশি
এই ভয়াবহ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরু পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা। পুলিশি তৎপরতায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তবে পলাতক দুই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারা দ্রুত বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ করবে। এই ঘটনা বেঙ্গালুরুতে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন।