রাতের অন্ধকারে টার্গেট বিজেপি কর্মী! ডায়মন্ড হারবারে হামলার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায় শুভেন্দু অধিকারীর সফরের ঠিক পরেই এক বিজেপি কর্মীর ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সুশান্ত মণ্ডল (৪৫)। বর্তমানে তিনি ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে প্রতিদিনের মতো কলাতলা হাট এলাকায় নিজের দাদার চিকিৎসা কেন্দ্রের সামনে বসেছিলেন সুশান্ত মণ্ডল। অভিযোগ, সেই সময় অতর্কিতে একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেধড়ক মারধর শুরু করে। মারধরের তীব্রতায় সুশান্ত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর তড়িঘড়ি আক্রান্ত কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও পরে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই হামলার ঘটনার পর বিজেপির পক্ষ থেকে ফলতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি কর্মী ও সমর্থকদের অভিযোগ, এই ঘটনার পেছনে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। স্থানীয় বিজেপি কর্মী শক্তি দলুইয়ের দাবি, সুশান্তকে মারার পরিকল্পনা করেই দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালিয়েছিল। অন্যদিকে, ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

ডায়মন্ড হারবারের এসডিপিও বিজয় যাদব জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।