রাজ্য থেকে এবার পাকাপাকি বিদায় নিচ্ছে বর্ষা! কবে শেষ হচ্ছে উত্তর-দক্ষিণবঙ্গের বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

অবশেষে রাজ্য থেকে বিদায় নেওয়ার পালা শুরু হল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর। আজ, রবিবার (১২ অক্টোবর) উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। আর দক্ষিণবঙ্গ থেকে আগামী ১৮ অক্টোবর শনিবারের মধ্যে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে বর্ষা।

বর্ষা বিদায়ের এই প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গেই রাজ্যে এক অদ্ভুত ‘অকাল শীতের’ আমেজ তৈরি হয়েছে। বৃষ্টি কমার পর থেকেই পারদ কিছুটা করে নামতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই শীত শীত ভাব বজায় থাকবে এবং তাপমাত্রার বিশেষ বদল হবে না। অর্থাৎ, বর্ষা শেষ হতেই হেমন্তের আগমন ঘটবে শীতল আবহাওয়ার মধ্য দিয়েই।

বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু:
আলিপুর আবহাওয়া দফতর শনিবার রাতে প্রকাশিত বুলেটিনে জানিয়েছে, দেশের একাধিক রাজ্য থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। আগামী দু’-তিন দিনের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বাকি অংশ, ঝাড়খণ্ড, ছত্তিশগঢ় এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিমের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিতে পারে।

উত্তরবঙ্গ: আজ, রবিবার (১২ অক্টোবর) থেকেই উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ বেশিরভাগ সময় মেঘমুক্ত, কখনও আংশিক মেঘলা থাকতে পারে। স্থানীয়ভাবে কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও কমবে।

দক্ষিণবঙ্গ: দক্ষিণ বাংলাদেশের ওপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আজ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামিকাল সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। পশ্চিমের জেলাগুলি, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে নতুন সপ্তাহেই বর্ষা বিদায় নিতে পারে। দক্ষিণবঙ্গ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পুরোপুরি বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:
শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।

চলতি বছরের শুরু থেকেই বর্ষা ভালোই ব্যাটিং করেছে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ছিল বেশি। কিন্তু এখন সে সবই অতীত। এখন বিদায়ী বর্ষা এবং ধীরে ধীরে নামতে থাকা পারদ রাজ্যে এক আরামদায়ক আবহাওয়া তৈরি করছে।