রাজারহাটে মর্মান্তিক ‘জল দুর্ঘটনা’! যাত্রীবোঝাই বাস উল্টে খালে, ডিভাইডার টপকে গেল কীভাবে? জানুন ভেতরে কী হয়েছিল

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কেঁপে উঠল রাজারহাটের খাড়োয়া খাল এলাকা। শুক্রবার সকালে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডার ভেঙে সোজা খালে উল্টে যায়। স্থানীয়দের তৎপরতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপে বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়েছেন, যাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, হাড়োয়া থেকে করুণাময়ী আসছিল বেসরকারি বাসটি। খাড়োয়া খাল সংলগ্ন ব্রিজের ওপর এক মুহূর্তের ভুলে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি সজোরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে খালে গিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।
খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় একে একে যাত্রীদের জল থেকে উদ্ধার করা হয়। বাসের এক আহত যাত্রী জানান, “আমার বাড়ি বেড়াচাঁপায়। সল্টলেকে অফিসে যাচ্ছিলাম। বাসটি ভর্তি ছিল। অন্য একটি বাসকে পাশ কাটাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান। হঠাৎ বাসটা খালে পড়ে যায়। অনেকেই আহত হয়েছেন।” তবে কারও মৃত্যুর খবর নেই।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুটি বাসের মধ্যে রেষারেষির জেরেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ প্রত্যেক যাত্রীর সঙ্গে কথা বলে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে। পুলিশ সূত্রে খবর, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি বাসের ভিতরে আর কেউ আটকে আছেন কি না, তার জন্য তল্লাশি চালানো হয়। দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বাসের চালক মদ্যপ ছিলেন কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। সাতসকালের এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।