রাজনৈতিক নেতার রহস্যময় খুন! বিহারে ভোটের আগে উত্তেজনা, কে খুন করল আরজেডি নেতাকে?

বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা রাজকুমার রাই ওরফে আল্লা রাইকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বিহারের রাজনীতি। জেডিইউ-বিজেপি জোট সরকারের দিকে আঙুল তুলছে বিরোধীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাটনার মুন্না চক এলাকার চিত্রগুপ্ত নগর থানা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। আল্লা রাই একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন এবং রাস্তার একটি হোটেলে খাবার কেনার জন্য নেমেছিলেন। সেখানেই তাঁর সামনে আসে দুষ্কৃতীরা। পরিস্থিতি বুঝতে পেরে তিনি পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ৬টি গুলি করে।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে এবং দ্রুত আল্লা রাইকে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মনে হচ্ছে এই খুনে দুজন জড়িত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক কারণে এই খুন, তা খতিয়ে দেখছে।

নিহত আল্লা রাই একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এবং আগামী বিধানসভা নির্বাচনে রাঘোপুর কেন্দ্র থেকে আরজেডি-র টিকিটে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে। তাই তাঁর এই আকস্মিক মৃত্যুতে আরজেডি, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের সমালোচনায় মুখর হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের হত্যাকাণ্ড বিহারের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।