বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে অন্যতম জগদ্ধাত্রী পুজো। আর দুর্গাপুজো, কালীপুজোর পরেই পুরুলিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে নজর কাড়ে সরকারপাড়া জগদ্ধাত্রী পুজো। এই বছর ১৩ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিবারের মতো এবারও থিমের অভিনবত্বে সেজে উঠেছে গোটা পুজো মণ্ডপ।
এবারের পুজোর থিম রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্যের উপর ভিত্তি করে তৈরি। রাজস্থানের যোধপুরের রাজবাড়ির অনুকরণে তৈরি করা হয়েছে চোখধাঁধানো প্যান্ডেল।
লক্ষ লক্ষ টাকার গয়না ও কড়া নিরাপত্তা
এই পুজোর প্রধান আকর্ষণ হলেন রাজ রাজেশ্বরী জগদ্ধাত্রী, যিনি সেজে উঠেছেন রাজকীয় সাজে। দেবীকে সাজিয়ে তোলা হয়েছে বিপুল পরিমাণে সোনার অলঙ্কারে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা।
জগদ্ধাত্রী পুজো ট্রাস্টের সভাপতি গৌতম রায় জানান, মায়ের এই বহুমূল্যের অলঙ্কার সারা বছর ব্যাঙ্কের লকারে রাখা থাকে। পুজোর সময় পুলিশি প্রহরায় লকার থেকে এই গয়না মণ্ডপে নিয়ে আসা হয় এবং চার দিনব্যাপী উৎসব চলাকালীন মণ্ডপে থাকে কড়া পুলিশি নজরদারি। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে এই পুজো অনুষ্ঠিত হয়।
ভোগেও বিপুল বৈচিত্র্য
সরকারপাড়া জগদ্ধাত্রী পুজোয় দেবীর ভোগেও থাকে বিপুল বৈচিত্র্য। প্রতিদিন ভোগের জন্য আয়োজন করা হয়:
দেড় কুইন্টাল চালের পোলাও
পাঁচ কুইন্টাল চালের খিচুড়ি
৭০ রকমের মিষ্টান্ন
ট্রাস্টের সভাপতি গৌতম রায় বলেন, এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে কাতারে কাতারে মানুষের ঢল নামে এবং ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে। পুজো দেখতে আসা দর্শনার্থীরা এই বছরের থিম ও রাজকীয়তা দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান।