রহস্যজনকভাবে ট্রেন থেকে উধাও শান্তিপুরের পরিযায়ী শ্রমিক! ৮ দিন ধরে মোবাইল বন্ধ, আতঙ্কে পরিবার

তামিলনাড়ুতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। আট দিন আগে ট্রেনে করে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আজও ফেরেননি। নদিয়ার শান্তিপুর এলাকার ২২ বছর বয়সী পরিযায়ী শ্রমিক ভোলা বিশ্বাসের রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আট দিন ধরে ছেলের কোনও খোঁজ না পাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার।
ট্রেনে ওঠার পরই ফোন ভাঙার কথা জানায় যুবক
জানা গিয়েছে, গত মাঘ মাসে শান্তিপুর থেকে তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন ভোলা। এলাকার অন্য দুই সহকর্মী ফিরে এলেও ভোলার একটু দেরিতে ফেরার কথা ছিল। সহকর্মীরাই তাঁকে নিকটবর্তী স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়েছিলেন। সেখান থেকে ১২ ঘণ্টার জার্নি করে চেন্নাই থেকে পরবর্তী ট্রেন ধরে বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আজ আট দিন হয়ে গেলেও ভোলার দেখা নেই, বন্ধ রয়েছে তাঁর মোবাইলও।
ভোলার মায়ের অভিযোগ, ট্রেনে ওঠার পর একবার ছেলের সঙ্গে তাঁর কথা হয়। কিন্তু তার কিছুক্ষণ পরেই ভোলা আবার ফোন করে জানায় যে সে তার মোবাইলের সিম এবং মোবাইলটি ভেঙে ফেলছে। মা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও পরবর্তীতে তাঁর ফোন পুরোপুরি সুইচ অফ হয়ে যায় এবং তারপর থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।
নিখোঁজের পিছনে ‘প্রণয়’ যোগের ইঙ্গিত?
ভোলার মায়ের আশঙ্কা, তাঁর ছেলের এই রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পিছনে অন্য কারণ থাকতে পারে। মায়ের দাবি, এলাকার স্থানীয় একটি যুবতীর সঙ্গে ভোলার প্রণয় ঘটিত সম্পর্ক ছিল, এই কথা ভোলা তাঁর মাকে জানিয়েওছিল। মায়ের সন্দেহ, হয়তো ওই মেয়েটিই তাঁর ছেলেকে এমন কিছু কথা বলেছে, যার জেরে আজ তাঁর ছেলে নিখোঁজ।
ইতিমধ্যে শান্তিপুর থানায় ভোলার নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে তামিলনাড়ু এবং চেন্নাইতেও বিষয়টি জানানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘরের ছেলে ঘরে না ফেরায় এখন রীতিমতো আতঙ্কে গোটা এলাকা। যুবক নিরুদ্দেশ হয়েছেন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।