যৌন হেনস্থা মামলায় বড় স্বস্তি পেলেন ব্রিজভূষণ! আদালতের রায়ে ফুঁসে উঠলেন ভিনেশ ফোগাট!

মহিলা কুস্তিগীরদের আনীত চাঞ্চল্যকর ও হাই-প্রোফাইল যৌন হেনস্থা মামলায় রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং এবং সংস্থার তৎকালীন সহকারী সচিব বিনোদ তোমারকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দিল্লির আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পওয়ার রাউজ অ্যাভিনিউ কোর্টে এই রায় ঘোষণা করেন। এই রায়ের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক ও ক্রীড়া মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে এই রায়ে চরম হতাশা প্রকাশ করেছেন প্রতিবাদী তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট।
আদালতের রায় প্রকাশ্যে আসার পরপরই একটি জোরালো বিবৃতিতে ভিনেশ ফোগাট অভিযোগ করেন যে, গোটা রাষ্ট্রীয় ও প্রশাসনিক ব্যবস্থা প্রভাবশালী এই নেতাকে আড়াল করার চেষ্টা করছে। তিনি জানান, ক্ষমতাসীন দলের এক দর্বৃত্ত নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং রাস্তায় নেমে লড়াই করা অত্যন্ত কঠিন ছিল। ব্রিজভূষণ তাঁর রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বহু মেয়েকে ভয় দেখিয়ে জবানবন্দি বদলাতে বাধ্য করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। তা সত্ত্বেও যে সমস্ত সাহসী নারী শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে অনড় ছিলেন, তাঁদের এই বিচার হতাশাজনক বলে মন্তব্য করেন ভিনেশ।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই আইনি লড়াই ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম বড় বিতর্ক। দীর্ঘ তদন্তের পর দিল্লি পুলিশ ওই বছরের জুন মাসে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। এর আগে দিল্লির যন্তর মন্তরে দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা দীর্ঘ আন্দোলন চালিয়েছিলেন। ভিনেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, আদালতের এই রায়ে তাঁদের মনোবল ভাঙেনি। কুস্তিগীররা আইনি লড়াইয়ের পথ থেকে সরে দাঁড়াচ্ছেন না এবং এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার জন্য ইতিমধ্যে নিজেদের আইনি দলকে নির্দেশ দেওয়া হয়েছে।