বাজেট দামেই আইফোন বা ওয়ানপ্লাসকে টক্কর! হু হু করে বিক্রি শুরু হলো স্যামসাং গ্যালাক্সি এ০৮-এর

বাজেট প্রেমীদের জন্য সুখবর নিয়ে এল প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ভারতীয় বাজারে লঞ্চ হলো তাদের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ০৮ (Samsung Galaxy A08)। ফোনটির দাম রাখা হয়েছে ১৮,৪৯৯ টাকা। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের একটিমাত্র ভ্যারিয়েন্টে বাজারে আসা এই ফোনটি গাঢ় নীল, সবুজ এবং রুপোলি— এই তিনটি আকর্ষণীয় রঙে কেনা যাবে। স্যামসাংয়ের নিজস্ব স্টোর, অনুমোদিত রিটেল দোকান এবং বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এবং কিছু আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত ইএমআই সুবিধা দিচ্ছে কোম্পানি।
দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা যাঁদের প্রধান পছন্দ, তাঁদের কথা মাথায় রেখেই গ্যালাক্সি এ০৮ তৈরি করা হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো এর দীর্ঘ মেয়াদী আপডেট নীতি। স্যামসাং জানিয়েছে, ডিভাইসটিতে টানা ৬টি ওএস আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট প্রদান করা হবে, যা এই বাজেটের ফোনে বিরল। সুরক্ষার জন্য এতে রয়েছে স্যামসাং নক্স (Knox) সিকিউরিটি। এ ছাড়া পার্সোনাল ডেটা সুরক্ষিত রাখতে এতে সার্চ ৩.০, গুগল জেমিনি এবং পারপ্লেক্সিটির মতো একাধিক আধুনিক এআই ফিচার যুক্ত করা হয়েছে। পাওয়ার বাটন চেপে ধরে বা ভয়েস কমান্ডের মাধ্যমেই এই ফিচারগুলি অ্যাক্সেস করা সম্ভব।
ফোনে ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি+ পিএলএস এলসিডি স্ক্রিন, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বা দৈনন্দিন ব্যবহারে মিলবে দারুণ মসৃণ অভিজ্ঞতা। হুডের নিচে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯+ প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে কুইক শেয়ার এবং মোডস অ্যান্ড রুটিনসের মতো জনপ্রিয় ফিচারগুলি।
ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এ০৮-এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মূল সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ডিভাইসটিকে দীর্ঘক্ষণ সচল রাখতে এতে দেওয়া হয়েছে বিশাল ৬০০০mAh ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র ৮ মিলিমিটার চওড়া এই ফোনের ডিসপ্লে সুরক্ষায় কর্নিং গোরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, ধুলো ও জলের ছিটে থেকে রক্ষা করতে ফোনটিতে আইপি৬৪ রেটিংও দেওয়া হয়েছে। সব মিলিয়ে, সাশ্রয়ী মূল্যে টেকসই ও আধুনিক প্রযুক্তির একটি পরিপূর্ণ প্যাকেজ নিয়ে হাজির হয়েছে স্যামসাং।