যৌনাঙ্গ চুরির ভয়ংকর গুজবে কাঁপছে আফ্রিকা! মাত্র কয়েক মাসে প্রাণ গেল ৮০ জনেরও বেশি মানুষের!

আফ্রিকা মহাদেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক উদ্ভট এবং অবৈজ্ঞানিক গুজবের জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই মাসের মধ্যে আফ্রিকার ছয়টি দেশে ‘যৌনাঙ্গ চুরির’ মতো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগে ৮০ জনেরও বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিবিসি গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিটের অনুসন্ধানে পুলিশ প্রশাসনের কাছ থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মূলত হাত দিয়ে পিঠে সামান্য একটু টোকা দিলেই পুরুষের যৌনাঙ্গ ছোট হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়ার মতো কাল্পনিক গুজবের ওপর ভিত্তি করেই এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে।
তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা কুসংস্কার এবং জাদুটোনার অন্ধবিশ্বাসের সঙ্গে বর্তমান যুগের আধুনিক সামাজিক মাধ্যমের অপব্যবহার এই সংকটকে আরও মারাত্মক আকার ধারণ করেছে। টিকটক ও ফেসবুকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরি করছে। যার ফলে অপরিচিত ব্যক্তিদের সংস্পর্শে আসার পর যৌনাঙ্গ হাড়ানোর মতো মিথ্যা দাবি তুলে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং সন্দেহভাজনদের ওপর চড়াও হয়ে তাদের পিটিয়ে বা পুড়িয়ে হত্যা করছে। তানজানিয়া, মোজাম্বিক, কঙ্গো ও কেনিয়াসহ একাধিক দেশের বিভিন্ন অঞ্চলে এই বর্বরোচিত সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।