যোগীরাজ্যে অদ্ভুত কাণ্ড! পুলিশি স্ক্যানারেই কি ধরা পড়বে নাগরিকত্ব? ভাইরাল ভিডিওতে তোলপাড়

উত্তরপ্রদেশ পুলিশের এক আজব কাণ্ড ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসার মোবাইল ফোনের মতো একটি যন্ত্র দিয়ে এক ব্যক্তির শরীর স্ক্যান করছেন। দাবি করা হচ্ছে, এই স্ক্যান করলেই নাকি জানা যাবে ওই ব্যক্তি ভারতীয় না কি বাংলাদেশি! আধুনিক প্রযুক্তি নাকি স্রেফ হেনস্তা— এই প্রশ্নেই এখন উত্তাল নেটদুনিয়া।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশ অফিসার অজয় শর্মা এক ব্যক্তিকে রীতিমতো ধমকাচ্ছেন। বিহারের বাসিন্দা দাবি করা ওই ব্যক্তি বারবার কাকুতি-মিনতি করলেও পুলিশ অফিসার হুঙ্কার দিয়ে বলছেন, “পিঠে মেশিনটা ধরো, এই মেশিনই বলে দেবে তুমি বাংলাদেশ থেকে এসেছ কি না।” গত ২৩ ডিসেম্বর এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশে অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ রুখতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। রাজ্যজুড়ে নথিপত্র যাচাইয়ের কাজও চলছে। কিন্তু পাসপোর্ট বা আধার কার্ডের মতো বৈধ নথির বদলে মোবাইলে ‘স্ক্যান’ করে নাগরিকত্ব নির্ধারণের এই অভিনব পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। উত্তরপ্রদেশ পুলিশ এই ভিডিও প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।