মহাকাশে ভারতের ‘অজেয়’ চোখ! শত্রুর রাডারকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হচ্ছে AEHF স্যাটেলাইট

প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বিশাল পদক্ষেপ নিতে চলেছে ভারত। আধুনিক যুদ্ধের কৌশল বদলে দিতে এবার মহাকাশে নিজস্ব ‘অ্যাডভান্সড এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি’ (AEHF) জিও স্যাটেলাইট পাঠাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই বিশেষ উপগ্রহটি যুদ্ধের সময় সামরিক যোগাযোগ ব্যবস্থাকে এতটাই সুরক্ষিত রাখবে যে, শত্রুপক্ষ চাইলেও সেই সংকেত জ্যাম বা হ্যাক করতে পারবে না।
প্রজেক্ট MAKE-I-এর অধীনে উন্নয়ন: এই মিশনটি সরকারের ‘MAKE-I’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যেখানে উন্নয়নমূলক ব্যয়ের ৭০ শতাংশ বহন করবে খোদ সরকার। প্রতিটি উন্নয়ন সংস্থাকে প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত তহবিল প্রদান করা হবে। এটি একটি জিওস্টেশনারি স্যাটেলাইট হওয়ায় এটি সর্বদা ভারতের নির্দিষ্ট অংশের ওপর কড়া নজরদারি চালাবে।
কেন এটি অনন্য? সাধারণত যুদ্ধের সময় শত্রু দেশগুলো সিগন্যাল আটকে দেওয়ার চেষ্টা করে, যাতে সেনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এই নতুন উপগ্রহটি সম্পূর্ণ ‘জ্যাম-প্রতিরোধী’। গভীর সমুদ্রের নৌবাহিনী, মাঝ আকাশের যুদ্ধবিমান বা দুর্গম পাহাড়ের সেনা— প্রত্যেকেই এই গোপন ও সুরক্ষিত নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। এটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং মহাকাশে ভারতের এমন এক ‘যোদ্ধা’ যা ডিজিটাল যুদ্ধের যুগে ভারতের সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে।