রবিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তোলপাড় বিশ্ব রাজনীতি। ঠিক সেই সময়েই মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ারের এক বিতর্কিত মন্তব্য নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়েছে। তাঁর দাবি, ট্রাম্পের শাসনশৈলী এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির ফল হিসেবেই এই হামলা ‘অবশ্যম্ভাবী’ ছিল। একইসঙ্গে তিনি বর্তমান ভারতের পরিস্থিতির সঙ্গে আমেরিকার এই ঘটনার এক অদ্ভুত তুলনা টেনে এনেছেন।
নাগপুরে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন, “যেমন কর্ম তেমন ফল। ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং প্রতিটি দেশে অস্থিরতা তৈরি করেছেন। তিনি আমেরিকাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এবং বিশ্ববাসীকে দাসের মতো ব্যবহার করেছেন। ইরানের ওপর তাঁর আক্রমণ ছিল অপ্রাসঙ্গিক অথচ অনিবার্য প্রতিক্রিয়ার জন্মদাতা।” তাঁর মতে, ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের পুঞ্জীভূত ক্ষোভই এই হামলার মূল কারণ।
বিস্ময়করভাবে, ওয়াদেত্তিওয়ার দাবি করেছেন যে ভারতের বর্তমান অবস্থাও আমেরিকার মতোই সংকটাপন্ন। তিনি বলেন, “আমাদের হিন্দুস্তানেও ঠিক একই রকম পরিস্থিতি চলছে। মানুষ এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে না বলে সরকার মনে করছে সব ঠিক আছে। কিন্তু জনগণের মনে সেই একই ক্ষোভ তুষের আগুনের মতো জ্বলছে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে ভারতও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।”
যদিও তিনি স্বীকার করেছেন যে দেশের সর্বোচ্চ পদে আসীন কোনও ব্যক্তির সঙ্গে এমন ঘটনা কাম্য নয়, তবুও তাঁর মতে পরিস্থিতি হাতের বাইরে গেলে জনগণ তার জবাব এভাবেই দেয়। কংগ্রেস নেতার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের দাবি, বিদেশের মাটি বা বিদেশি রাষ্ট্রপ্রধানের ওপর হামলাকে ভারতের পরিস্থিতির সঙ্গে গুলিয়ে ফেলে ওয়াদেত্তিওয়ার আসলে পরোক্ষভাবে অস্থিরতাকেই উস্কানি দিচ্ছেন।





