যুবকদের ঢাল বানিয়ে বিরোধীরা রাজনীতি করছে! UKSSSC বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী ধামী কী বললেন?

উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন (UKSSSC) আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, প্রার্থীদের তরফ থেকে পরীক্ষা স্থগিত করার অনুরোধ আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে UKSSSC-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জি.এস. মার্তোলিয়া বলেন, “প্রার্থীদের অনুরোধের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।”

এদিকে, এই স্থগিতাদেশের নেপথ্যে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া UKSSSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ড। বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই বিষয়ে মুখ খোলেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য তাঁর সরকারের দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) সূত্রে জানা গেছে, ধামী জানিয়েছেন যে বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর যে উত্তরাখণ্ডের যুবকরা যেন কোনোভাবেই অবিচারের সম্মুখীন না হন।”

বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর:
মুখ্যমন্ত্রী ধামী বিরোধীদের বিরুদ্ধে এই ইস্যুটিকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “বিরোধীরা ছাত্রদের ঢাল বানিয়ে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করে রাজনৈতিকভাবে এই বিষয়টিকে ব্যবহার করার চেষ্টা করেছে। যারা একসময় সিবিআই এবং ইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাই এখন রাজনৈতিক ফায়দা তোলার জন্য সিবিআই তদন্তের দাবি করছে।”

তিনি আরও জানান যে তিনি ব্যক্তিগতভাবে ছাত্রদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে এবং নকল মাফিয়াদের রুখতে ভারতের কঠোরতম অ্যান্টি-চিটিং আইন প্রণয়ন করেছে। এর ফলস্বরূপ, “গত চার বছরে ২৫,০০০-এর বেশি যুবক সরকারি চাকরি পেয়েছেন, যা একটি রেকর্ড। এই আইনের অধীনে নকল মাফিয়াদের ১০০ জনেরও বেশি সদস্যকে জেলে পাঠানো হয়েছে,” জানান ধামী।

প্রসঙ্গত, গ্র্যাজুয়েট-স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পরই এই গোটা প্রক্রিয়াটি বিচার বিভাগীয় তত্ত্বাবধানে তদন্তের আওতায় আনা হয়।