পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতি থাকলেও ভারতে জ্বালানি সরবরাহে কোনো টান পড়বে না—কেন্দ্রের এই আশ্বাসে স্বস্তিতে দেশবাসী। গত কয়েকদিনের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জ্বালানি বাজার। সরকারি পরিসংখ্যান বলছে, আতঙ্কিত হয়ে সিলিন্ডার বুক করার প্রবণতা এক ধাক্কায় অনেকটাই কমেছে। গত শুক্রবার যেখানে ৮৮.৮ লাখ সিলিন্ডার বুক হয়েছিল, শনিবার তা কমে দাঁড়িয়েছে ৭৭ লাখে।
কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, দেশের তেল শোধনাগারগুলো পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। পেট্রল ও ডিজেল উৎপাদনে ভারত বর্তমানে স্বয়ংসম্পূর্ণ। ফলে আমদানির ওপর নির্ভরতা না থাকায় সাধারণ মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এদিকে, অনলাইনে এলপিজি বুকিংয়ের হার ৮৪ শতাংশ থেকে বেড়ে ৮৭ শতাংশে পৌঁছেছে।
সরকার সিলিন্ডার কালোবাজারি রুখতে বিহার, অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে কড়া নজরদারি চালাচ্ছে। পাশাপাশি, যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাস (PNG) রয়েছে, তাদের এলপিজি সংযোগ সমর্পণ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৯৪ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। নাগরিকদের অকারণে ভিড় না করতে এবং ডিজিটাল মাধ্যমে পরিষেবা নিতে অনুরোধ জানানো হয়েছে।