মোহনবাগান রত্ন অঞ্জন মিত্র! দু’দিনব্যাপী মহোৎসবে সেজে উঠছে সবুজ-মেরুন

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সূচনা হলো। ক্লাবের কার্যনির্বাহী সমিতির ষষ্ঠ বৈঠকে সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের ‘মোহনবাগান রত্ন’ হিসেবে প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। গত বছরই ক্লাবের তরফে এই ইঙ্গিত দেওয়া হয়েছিল, যা বুধবারের বৈঠকে সিলমোহর পেল। সেইসঙ্গে ক্লাবের ঐতিহ্যবাহী ‘মোহনবাগান দিবস’ পালনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে—এবার উৎসবের মেজাজ থাকবে টানা দু’দিন।

এদিন পুরস্কার প্রাপকদের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ মরশুমের সেরা ফুটবলার হিসেবে ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ পাচ্ছেন ‘শিবদাস ভাদুড়ি পুরস্কার’। সেরা ফরোয়ার্ডের জন্য ‘সুভাষ ভৌমিক পুরস্কার’ পাচ্ছেন লিস্টন কোলাসো এবং সেরা যুব ফুটবলার নির্বাচিত হয়েছেন সুহেল আহমেদ ভাট। সাংবাদিকতার জগতে অবদানের জন্য সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে ‘মতি নন্দী পুরস্কার’ পাচ্ছেন গৌতম ভট্টাচার্য। এ ছাড়া সেরা ক্রীড়া সংগঠক হিসেবে মরণোত্তর ‘অঞ্জন মিত্র পুরস্কার’ দেওয়া হচ্ছে গোপীনাথ ঘোষকে।

পুরস্কারের তালিকায় আরও রয়েছেন সেরা রেফারি সাগর সেন, হকি খেলোয়াড় মহম্মদ রহিল মহসিন, অ্যাথলিট তহুরা খাতুন এবং ক্রিকেটার অভিষেক রমন। বিশেষ সংবর্ধনা জানানো হবে বাংলার অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারকে। এছাড়া ক্লাবের সহ-সভাপতি হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অসিত চট্টোপাধ্যায়ের নামও ঘোষণা করা হয়েছে।

উৎসবের দিনক্ষণ নিয়ে ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ জুলাই মোহনবাগান মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। পরদিন, ৩০ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান পর্ব। ক্লাবের দীর্ঘকালীন সফল সচিব হিসেবে পরিচিত অঞ্জন মিত্র ২০১৯ সালে প্রয়াত হন। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ক্লাবের প্রশাসনিক দায়িত্বে এসে তিনি যে পরিবর্তনের সূচনা করেছিলেন, এই রত্ন সম্মান তারই যথাযথ স্বীকৃতি।

এদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, মেয়েদের ফুটবলে দল গঠনের প্রক্রিয়া নিয়ে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁদের ইতিবাচক আলোচনা হয়েছে। সঠিক পরিকাঠামো তৈরি করে অদূর ভবিষ্যতে মেয়েদের ফুটবল চালু করাই ক্লাবের অন্যতম লক্ষ্য। এছাড়া, ক্লাবের পুরোনো গৌরব টেনিসকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাই (SAI)-এর সঙ্গে হাত মিলিয়ে ক্লাবে নতুন করে টেনিস কোর্ট গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের এই বহুমুখী পদক্ষেপ সবুজ-মেরুন ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।