মোদীর মাসিক বেতন কত? জেনে নিন তাঁর সম্পদ ও অন্যান্য বিশ্বনেতাদের বেতনের চমকপ্রদ তথ্য!

বুধবার, ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে যখন তার জন্মদিন উদযাপিত হচ্ছে, তখন অনেকেই তার ব্যক্তিগত জীবনের তথ্য, বিশেষ করে সম্পদ, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে আগ্রহী। বিশ্ব নেতাদের বেতনের সঙ্গে তুলনা করলে ভারতের প্রধানমন্ত্রীর বেতন অনেকটাই কম বলে মনে হচ্ছে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন ১.৬৬ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে ৫০,০০০ টাকা মূল বেতন, ৩,০০০ টাকা অতিরিক্ত ভাতা, ৬২,০০০ টাকা দৈনিক ভাতা এবং ৪৫,০০০ টাকা সাংসদ ভাতা। ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত তার ঘোষিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৩ লক্ষ টাকা, যা এক বছর আগে ছিল ৩ কোটি ২ লক্ষ টাকা।
মোদি তার বেশিরভাগ সম্পদ ব্যাংক ফিক্সড ডিপোজিট (এফডি) এবং জাতীয় সঞ্চয় শংসাপত্রে (এনএসসি) বিনিয়োগ করেছেন। তার এসবিআই সেভিংস অ্যাকাউন্টে প্রায় ৮০,০০০ টাকা জমা ছিল, এবং নগদ ছিল মাত্র ৫২,৯২০ টাকা। এছাড়াও, এসবিআইতে তার ২.৮৫ কোটি টাকার এফডি রয়েছে।
বিশ্ব নেতাদের তুলনায় মোদীর বেতন
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বেতনের সঙ্গে তুলনা করলে মোদীর বেতন উল্লেখযোগ্যভাবে কম। নিচে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের বেতনের তালিকা দেওয়া হলো:
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং: ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (প্রায় ২.৫ মিলিয়ন মার্কিন ডলার)। তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাষ্ট্রপ্রধান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ৬১৭,০০০ মার্কিন ডলার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ: ৬২২,০০০ মার্কিন ডলার।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি: প্রায় ৪২২,০০০ কানাডিয়ান ডলার।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার: প্রায় ১৭৪,৭১১ পাউন্ড (৩৬৫,৩৪৪ মার্কিন ডলার)।
অন্যান্য দেশের প্রধানদের তুলনায় মোদীর বেতন কম হলেও, গত কয়েক বছরে তার সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তার সম্পদ ছিল ২.৫ কোটি টাকা, যা বর্তমানে ৩.৪৩ কোটি টাকাতে পৌঁছেছে। এর মানে গত ১১ বছরে তার সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং গত এক বছরে তা ৪৩ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে।