প্রেমের করুণ পরিণতি! বিয়ের আগেই NRI মহিলাকে পুড়িয়ে খুন, নেপথ্যে প্রেমিক

৭১ বছর বয়সেও প্রেমের টানে ভারত এসেছিলেন এক প্রবাসী ভারতীয় (NRI) মহিলা। তার স্বপ্ন ছিল ৭৬ বছরের প্রেমিককে বিয়ে করে নতুন জীবন শুরু করার। কিন্তু তার আগেই তার দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রেমিকই টাকার লোভে ভাড়াটে খুনি দিয়ে তাকে খুন করিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম রূপিন্দর কৌর পান্ধের। তিনি আমেরিকার ওয়াশিংটনের সিয়াটলের বাসিন্দা ছিলেন। তার ভারতীয় বংশোদ্ভূত প্রেমিক চরণজিৎ সিং গ্রেওয়ালের বাড়ি লুধিয়ানায়। চলতি বছরেই তাদের বিয়ের পরিকল্পনা ছিল। রূপিন্দর জুলাই মাসে ভারতে আসেন, কিন্তু ২৪ জুলাই থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। তার বোন কমল কৌর খাইরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তিনি মার্কিন দূতাবাসকে জানান। লুধিয়ানা পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে রূপিন্দরের হবু স্বামী চরণজিৎ সিং এবং তার সহকারী সুখজিৎ সিং সোনুর বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে।
পুলিশের দীর্ঘ জেরার পর সুখজিৎ সিং সোনু খুনের কথা স্বীকার করেছেন। তিনি জানান, এটি রূপিন্দরের হবু স্বামী চরণজিৎ সিংয়েরই পরিকল্পনা ছিল। রূপিন্দর বিপুল পরিমাণ অর্থ চরণজিৎকে দিয়েছিলেন। টাকার লোভে চরণজিৎ সুখজিৎকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে রূপিন্দরকে খুন করতে বলেন। সুখজিৎ রূপিন্দরকে তার বাড়িতে খুন করে এবং স্টোররুমে দেহটি পুড়িয়ে দেয়। বর্তমানে চরণজিৎ পলাতক। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় শুধু শোক নয়, প্রেমের প্রতি বিশ্বাসেরও এক করুণ পরিণতি ফুটে উঠেছে।