প্রেমের করুণ পরিণতি! বিয়ের আগেই NRI মহিলাকে পুড়িয়ে খুন, নেপথ্যে বিয়ের প্রতিশ্রুতি

প্রেমের করুণ পরিণতি। বিয়ের মাত্র কয়েক দিন আগেই খুন হলেন এক প্রবাসী ভারতীয় (NRI) মহিলা। তার স্বপ্ন ছিল দেশের বাড়িতে, সবুজ পাঞ্জাবের লুধিয়ানায় এসে বিয়ে করার। কিন্তু তার আগেই তার দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, সেই ব্রিটেন প্রবাসী প্রেমিকই ভাড়াটে খুনি দিয়ে তাকে খুন করিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম রূপিন্দর কৌর (৭১)। তিনি থাকেন আমেরিকায়। তার প্রেমিক চরণজিৎ সিংয়ের (৭৫) বর্তমান নিবাস ব্রিটেন। রূপিন্দর লুধিয়ানার কিলা রায়পুর গ্রামের একটি নালা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার হন। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, রূপিন্দর যে বাড়িতে এসে উঠেছিলেন, সেই বাড়ির টাইপিস্ট সুখজিৎ সিং ওরফে সোনু তাকে খুন করে দেহ পুড়িয়ে ফেলেছেন।
পুলিশ সুখজিৎ এবং চরণজিৎ সিংয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। সুখজিৎকে হেফাজতে নেওয়া হলেও চরণজিৎ এখনও পলাতক। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় সুখজিৎ জানান, চরণজিৎ তাকে ৫০ লক্ষ টাকা এবং লন্ডনের বাসিন্দা করে দেওয়ার টোপ দিয়ে রূপিন্দরকে খুন করার নির্দেশ দেন। কারণ, রূপিন্দর তাদের দুজনকে প্রতারণা এবং ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিলেন।
পুলিশের সন্দেহ, গত ১২ জুলাই সুখজিৎ বেসবল ব্যাট দিয়ে রূপিন্দরকে খুন করেন এবং দেহ পুড়িয়ে ফেলেন। এমনকি, ঘরের দেওয়ালের কয়লা পোড়ার দাগ এবং নতুন টাইলস দেখেও পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। অবশেষে জিজ্ঞাসাবাদের মুখে সব স্বীকার করেন অভিযুক্ত সুখজিৎ।