পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বাংলা এখন প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (BJP) পূর্ণ নিয়ন্ত্রণে। এখন কোটি টাকার প্রশ্ন একটাই— কে হবেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবান্নের সিংহাসনের জন্য তিনটি নাম নিয়ে জোর চর্চা চলছে— শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং রূপা গঙ্গোপাধ্যায়। তবে দৌড়ে সবাইকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী।
ভবানীপুর আসনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে শুভেন্দু এখন বিজেপির তুরুপের তাস। একদা দলনেত্রীর ছায়াসঙ্গী থেকে আজ তাঁরই প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা শুভেন্দুর এই জয় রাজনৈতিক মহলে কার্যত সুনামি নিয়ে এসেছে। শুভেন্দুর এই ‘কিলার ইন্সটিনক্ট’ এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে কেন্দ্রীয় নেতৃত্বের সবথেকে বিশ্বস্ত পাত্র করে তুলেছে।
বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে বুধবার সকালেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। তাঁর সঙ্গে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক মোহন চরণ মাঝি। দলীয় সূত্রে খবর, আজই বিজেপির পরিষদীয় দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ নির্বাচিত হবে। এরপরই রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি। আগামী শনিবার, ২৫শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে ব্রিগেডের ময়দানে শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। এই মেগা অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বিজেপি আঞ্চলিক ভারসাম্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গ, যেখানে দীর্ঘকাল ধরে বিজেপির একচেটিয়া দাপট রয়েছে, সেখানকার বিধায়কদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জানা যাচ্ছে, তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীদের যারা পরাজিত করেছেন, তাঁরাই হতে পারেন মন্ত্রিসভার প্রধান মুখ। এই তালিকায় রয়েছেন দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্যকে হারানো সৌরভ শিকদার, টালিগঞ্জে অরূপ বিশ্বাসকে হারানো পাপিয়া অধিকারী এবং দিনহাটায় উদয়ন গুহকে হারানো অজয় রায়। এছাড়াও সুজিত বসু, মলয় ঘটক এবং ব্রাত্য বসুর মতো হেভিওয়েটদের হারানো শারদ্বত মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও অরিজিৎ বক্সিদের ভাগ্যেও মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে। পাশাপাশি দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক এবং অগ্নিমিত্রা পালের মতো পরিচিত মুখেরা মোদী-শাহর গুড বুকে রয়েছেন বলেই খবর।





