ভোটপর্ব মিটেছে, রাজ্যে ক্ষমতার অলিন্দে পরিবর্তন এসেছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনের অবসান ঘটিয়ে এখন রাজ্যে নতুন সরকার। কিন্তু নির্বাচনের উত্তাপ কমে গেলেও, রাজনৈতিক মহলে এখনও আলোচনার কেন্দ্রে সেই বিখ্যাত ‘ঝালমুড়ি’ রাজনীতি। আর বুধবার সেই আলোচনার পারদ আরও চড়ল দিল্লির বুকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সৌজন্যে।
দিল্লির বৈঠকে ‘ঝালমুড়ি’ চমক বুধবার দিল্লিতে এনডিএ (NDA)-র শরিক দলগুলির এক গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনডিএ-র শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের ফাঁকেই এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল দেশের রাজধানী। দেখা গেল, একটি ব্যানার লাগানো স্টলের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নিজের হাতে মাখা ঝালমুড়ি পরিবেশন করছেন শুভেন্দু অধিকারী।
ভিডিও ভাইরাল, নেটিজেনদের উচ্ছ্বাস প্রধানমন্ত্রী মোদীকে ঝালমুড়ি খাওয়ানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। বিশেষ করে খোদ প্রধানমন্ত্রী নিজে যখন এই ভিডিওটি শেয়ার করেন, তখন তা নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ তুঙ্গে। ভিডিওতে দেখা যায়, শুভেন্দুর হাতে নেওয়া ঝালমুড়ি প্রধানমন্ত্রী শুধু নিজেই হাসিমুখে গ্রহণ করছেন না, বরং অন্যদের হাতেও তুলে দিচ্ছেন।
ঝালমুড়ির রাজনৈতিক সফর রাজ্য রাজনীতিতে ‘ঝালমুড়ি’ হঠাৎই এক আইকনিক প্রতীকে পরিণত হয়েছে। ভোটের প্রচারের সময় ঝাড়গ্রামে একটি দোকানে বসে ঝালমুড়ি খাওয়ার দৃশ্য ভাইরাল হওয়ার পর থেকেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এরপর বিজেপি কর্মী-সমর্থকদের প্রচারের হাতিয়ার হয়ে ওঠে এই ঝালমুড়ি।
ভোটের ফল প্রকাশের দিন পশ্চিমবঙ্গের বিজেপি সদর দফতর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে ঝালমুড়ি খাইয়েই অভিনন্দন জানিয়েছিলেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। এমনকি, বিভিন্ন সময়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিদেশের মাটিতে দাঁড়িয়ে ঝালমুড়ির কথা উল্লেখ করেছেন।
তৃণমূল জমানার পতনের পর দিল্লির এনডিএ বৈঠকে এই ঝালমুড়ি বিলি নতুন কোনো রাজনৈতিক বার্তা কি না, তা নিয়ে এখন সরগরম রাজ্য ও জাতীয় রাজনীতি। তবে আপাতত নেটপাড়ার মানুষ এই ‘ঝালমুড়ি কূটনীতি’ উপভোগ করছেন ষোল আনা।





