‘বিগ বস’-এর ঘরে রিলেশনশিপ গেম! ফুটেজ পাওয়ার জন্য সৃজলার সঙ্গে ‘লাভ অ্যাঙ্গেল’ গড়ার চেষ্টা দুর্নিবারের?

‘বিগ বস’-এর ঘরের অন্দরে এখন তুমুল উত্তেজনা। নতুন ক্যাপ্টেন হিসেবে সোহিনী পালের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানা হিসাব-নিকাশ। এই সপ্তাহে এলিমিনেশনের খাড়া কার ঘাড়ে নামবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ঠিক এমন এক টানটান পরিস্থিতিতে ঘরের ভেতরের রাজনৈতিক চাল এবং গোপন ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিলেন প্রতিযোগী নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন। যা নিয়ে এখন নেটপাড়ায় শুরু হয়ে গিয়েছে ঝড়।

সম্প্রতি এক এপিসোডে নিরঞ্জনকে দেখা যায় গায়ক দুর্নিবার সাহার সঙ্গে গোপনে কথা বলতে। দুর্নিবারকে সাবধান করে নিরঞ্জন জানান যে, ভরত কল সহ ঘরের অন্যান্য একাংশ সদস্য তাঁর বিরুদ্ধে প্রকাশ্যেই জোট বাঁধছেন এবং তাঁকে প্রতিযোগিতা থেকে সরানোর পরিকল্পনা চলছে। শুধু তাই নয়, দুর্নিবার ও সৃজলার বন্ধুত্ব নিয়েও নাকি ঘরের অন্দরে নানা কটূক্তি করা হচ্ছে। ভরত কল সরাসরি অভিযোগ তুলেছেন যে, ক্যামেরার সামনে এক্সপোজার বা ‘ফুটেজ’ পাওয়ার জন্যেই নাকি সৃজলার সঙ্গে একটি কৃত্রিম ‘লাভ অ্যাঙ্গেল’ তৈরি করার চেষ্টা করছেন দুর্নিবার।

নিজের বিরুদ্ধে ওঠা এই সমস্ত গুরুতর অভিযোগ এবং পিঠের পেছনে চলা কুৎসার কথা শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান দুর্নিবার। শান্ত অথচ অত্যন্ত ক্ষোভের সুরে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, “এরা কি বড় বাজারে গিয়ে মাথা বেচে এখানে এসেছে?” এই মুহূর্তে দুর্নিবার ও নিরঞ্জনের সেই গোপনীয় কথোপকথনের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। একদিকে বিগ বসের ঘরের স্ট্র্যাটেজি আর অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ—সব মিলিয়ে এবারের সিজনের লড়াই যে চরম আকার ধারণ করেছে, তা বলাই বাহুল্য।