মোদি-র পর রাষ্ট্রপতি মুর্মু! ইতিহাস সৃষ্টিকারী হরমনপ্রীতদের বিশেষ অভিনন্দন, দেশকে কী বার্তা দিলেন রাষ্ট্রপতি?

ইতিহাস সৃষ্টিকারী বিশ্বকাপ জয়ের পর এবার দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ পর্ব সারছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত রবিবার নভি মুম্বইয়ে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতীয় মহিলা দল প্রথমবার বিশ্বকাপ জেতার যে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছিল, তার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়েছিল তারা। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন হরমনপ্রীত কৌররা।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে বিশ্বকাপজয়ী এই দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতিকে বিশ্বকাপ ও বিশেষ জার্সি উপহার
রাষ্ট্রপতি ভবনে দলের সকলের সঙ্গে এক বিশেষ ফোটোসেশন হয়। এই সাক্ষাতের একটি বিশেষ মুহূর্তে, দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্বকাপ ট্রফিটি রাষ্ট্রপতির হাতে তুলে দেন। শুধু তাই নয়, দলের সকলের সই করা একটি বিশেষ জার্সিও উপহার হিসেবে দেওয়া হয় রাষ্ট্রপতিকে।

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের উৎসাহিত করার জন্য তারা রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

‘এই দল ভারতের প্রতিচ্ছবি’
ঐতিহাসিক এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডলে এই বৈঠকের কথা উল্লেখ করে লেখা হয়:

“আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করেছেন। রাষ্ট্রপতি দলকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে তাঁরা ইতিহাস সৃষ্টি করেছেন এবং তরুণ প্রজন্মের জন্য রোল মডেল হয়ে উঠেছেন।”

রাষ্ট্রপতি আরও বলেন, এই দলটি ভারতের বৈচিত্র্য এবং ঐক্যের প্রতীক। দলের সদস্যরা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট এবং ভিন্ন পরিস্থিতি থেকে এসেছেন, কিন্তু তাঁরা একটি দল – ভারত। জানা গিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে নানা বিষয়ে কথাও বলেন রাষ্ট্রপতি।