মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগ! ইস্তফাপত্রে ‘ভুল বানান’ নিয়ে বিজেপির ট্রোল, পাল্টা বিপাকে শুভেন্দুও?

তিলোত্তমায় মেসি-জাদু দেখতে গিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার আঁচ এসে পড়ল সোজা নবান্নে। প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা গ্রহণ করলেও, আসল নাটক শুরু হয়েছে মন্ত্রীর ইস্তফাপত্রে থাকা ‘বানান ভুল’ নিয়ে। আর সেই বিতর্কে এবার নাম জড়িয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।

মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। কিন্তু সেই চিঠিতে ‘ক্রীড়াঙ্গন’ হয়ে গিয়েছে ‘ক্রিয়াঞ্জন’, ‘পরিপ্রেক্ষিত’ হয়েছে ‘পরিপেক্ষিতে’ আর ‘অব্যাহতি’ লেখা হয়েছে ‘অব্যহতি’। বিজেপি এই সুযোগ হাতছাড়া করেনি। অরূপ বিশ্বাসের চিঠির ভুলগুলো লাল কালি দিয়ে মার্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, “এদের তো বাংলা শিক্ষাও হয়নি!”

বিজেপি যখন অরূপ বিশ্বাসের বানান-জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখনই যুবভারতীর সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর পাশে থাকা প্ল্যাকার্ডে নজর যায় নেটিজেনদের। সেখানে ‘মন্ত্রিসভা’ বানানটি ভুল লেখা ছিল (ম-ন-্-ত-্র-ী-স-ভ-া)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সুযোগ বুঝে পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপিও তো বানান ভুল করেছে! শুধু তুমি নও অবলাকান্ত, অনেকেরই খেয়াল থাকে না।”

মেসির অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলার দায় নিয়ে অরূপ বিশ্বাসের ইস্তফাকে অবশ্য ‘আইওয়াশ’ বা লোকদেখানো বলে উড়িয়ে দিয়েছে বিরোধীরা। তাদের দাবি, গ্রেফতার করতে হবে সুজিত বসু ও অরূপ বিশ্বাসকে। তবে রাজনীতির এই গম্ভীর আলোচনার মাঝে দুই শিবিরের ‘বানান বিভ্রাট’ এখন নেটপাড়ায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। নেটিজেনদের প্রশ্ন— “তৃণমূল হোক বা বিজেপি, কারোরই কি বাংলা বানানটা ঠিকমতো আসে না?”

বিশৃঙ্খলা আর পদত্যাগের নেপথ্যে থাকা গূঢ় রাজনীতির চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে ‘হ্রস্ব ই’ আর ‘দীর্ঘ ঈ’-এর লড়াই।