দালাল স্ট্রিটে হাহাকার! টানা ১৪ দিন শেয়ার বিক্রি বিদেশিদের, পকেটে টান পড়ার আগে জানুন বাজারের হাল

ভারতীয় শেয়ার বাজারে ধস নামার পালা যেন থামার নামই নিচ্ছে না। সপ্তাহের চতুর্থ কার্যদিবস, বৃহস্পতিবারও বাজারের শুরুটা হলো অত্যন্ত মন্থর। সেনসেক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৪,৫১৮-এ। অন্যদিকে, নিফটি ৫৩ পয়েন্ট হারিয়ে ২৫,৭৬৫-এর ঘরে ঘোরাফেরা করছে। বিশ্ব বাজারের নেতিবাচক প্রভাব এবং বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার বিক্রিতে নাজেহাল দাল্লাল স্ট্রিট।
কারা ডুবল, কারাই বা ভাসল?
এদিন বাজারে খাতভিত্তিক ব্যাপক রদবদল লক্ষ্য করা গিয়েছে।
লসারের তালিকায়: সান ফার্মা, মারুতি সুজুকি, কোটাক ব্যাঙ্ক, টাটা স্টিল এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র মতো হেভিওয়েট শেয়ারগুলি আজ ক্ষতির মুখে। নিফটি অটো এবং ফার্মা সূচক প্রায় ১% পর্যন্ত পড়েছে।
গেইনারের তালিকায়: বাজারের এই মন্দার মাঝেও আইটি সেক্টর কিছুটা আশার আলো দেখাচ্ছে। ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক এবং এসবিআই-এর মতো শেয়ারগুলি লাভের মুখ দেখেছে।
১. বিদেশি বিনিয়োগকারীদের পলায়ন: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) গত ১৪ দিন ধরে লাগাতার শেয়ার বিক্রি করছেন। শুধুমাত্র ডিসেম্বরেই তাঁরা বাজার থেকে ২১,০৭৩ কোটি টাকা তুলে নিয়েছেন। ২. টাকার দামে পতন: ডলারের তুলনায় ভারতীয় রুপির রেকর্ড পতন বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়িয়েছে। যদিও আজ রুপি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে (৯০.৩৫), তবুও অনিশ্চয়তা কাটেনি। ৩. বিশ্ব বাজারের মেঘ: মার্কিন নাসডাক কম্পোজিট ১.৮১% পড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে এশিয়ার বাজারে। এছাড়া জাপান ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও বিনিয়োগকারীরা সতর্ক।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও মুদ্রাস্ফীতির তথ্য না আসা পর্যন্ত এই অস্থিরতা বজায় থাকবে। জাপানের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা আপাতত বড় ঝুঁকি নিতে নারাজ। তাই এই মুহূর্তে নতুন বিনিয়োগের আগে ভালো করে বাজার পর্যবেক্ষণ করা জরুরি।