মৃত্যুর ফাঁদ অনলাইনে! অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট ও বিগ বাস্কেটের লাইসেন্স বাতিল করল কর্নাটক সরকার!

অনলাইন খাবার ও গ্রোসারির বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon), সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) এবং বিগ বাস্কেটের (BigBasket) ফুড লাইসেন্স এবং রেজিস্ট্রেশন বাতিল করার মতো এক কঠোর সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। রাজ্যের ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (KFSDA)-এর পক্ষ থেকে এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনলাইনে মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত ধুতরা ফল খাদ্যপণ্য হিসেবে বিক্রি করার গুরুতর অপরাধেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানানো হয়েছে।

KFSDA-এর কমিশনার শ্রীনিবাস কে একটি নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দিয়েছেন যে, অবিলম্বে ওই তিন ই-কমার্স সংস্থাকে তাদের প্ল্যাটফর্ম থেকে ধুতরা ফলের যাবতীয় বিজ্ঞাপন এবং লিস্টিং চিরতরে সরিয়ে ফেলতে হবে। ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা ও গুণমান আইন এবং ২০১১ সালের নির্দিষ্ট বিধি অনুযায়ী, মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ধুতরা ফল বা বীজ মজুত রাখা, বিক্রি করা কিংবা খাদ্যপণ্য হিসেবে পরিবেশন করা সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ।

সম্প্রতি KFSDA-এর উদ্যোগে ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তেই বিস্ফোরক তথ্য সামনে আসে যে, এই সমস্ত জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ্যেই ধুতরা ফল ও বীজ মানুষের খাওয়ার উপযোগী খাদ্যপণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। এমনকি আশ্চর্যের বিষয় হলো, ধুতরা ফল এবং বীজের সেই সমস্ত প্যাকেটে ফেসিয়াই (FSSAI) লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত লেখা থাকতে দেখা যায়। এই চাঞ্চল্যকর অনিয়ম সামনে আসার পরেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, ধুতরায় উপস্থিত শক্তিশালী অ্যান্টি-কোলিনার্জিক উপাদান যেমন অ্যাট্রোপিন ও স্কোপোলামিন সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রকে অবশ করে দেয়। এটি শরীরের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে নিষ্ক্রিয় করে দিয়ে চোখ, হৃদযন্ত্র এবং পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা সম্পূর্ণ ব্যাহত করে। পর্যাপ্ত পরিমাণে ধুতরা সেবন করলে তীব্র বিভ্রান্তি, চরম অস্থিরতা, হ্যালুসিনেশন বা অলীক কিছু দেখা, চোখের মণি অস্বাভাবিক বড় হয়ে যাওয়া, হৃদস্পন্দন দ্রুত হওয়া এবং মারাত্মক জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। বিষক্রিয়া গুরুতর হলে খিঁচুনি, জ্ঞান হারিয়ে ফেলা এমনকি রোগীর প্রাণসংশয় পর্যন্ত হতে পারে।

প্রশাসনের এই নির্দেশের পর অ্যামাজনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সুইগি ইনস্টামার্ট এই বিষয়ে জবাব দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছে। অন্যদিকে, বিগ বাস্কেটের দাবি তারা আগেই এই বিক্রি বন্ধ করে দিয়েছিল এবং প্যাকেটে এটি খাওয়ার উপযোগী নয় বলেও লেখা ছিল। যদিও তাদের এই সাফাইয়ে সন্তুষ্ট নয় KFSDA। শুধু এই তিন প্রধান সংস্থাই নয়, ধুতরা সরবরাহকারী সমস্ত ভেন্ডরদের লাইসেন্সও অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।