মৃত্যুর আগে বোনকে পাসওয়ার্ড পাঠিয়ে চিরবিদায়! বধূমৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বেঙ্গালুরুতে এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কনস্টেবল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। ২০২৩ সালে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে পুলিশ কনস্টেবল রাজেশ আরাধ্যার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুক ও অন্যান্য কারণে লক্ষ্মীপ্রিয়াকে নিয়মিত নির্যাতন করা হতো।
মৃত্যুর ঠিক আগে, গত ২২ মে দুপুর ২:৩১ মিনিটে লক্ষ্মীপ্রিয়া হোয়াটসঅ্যাপে তাঁর ছোট বোন জয়শ্রীকে নিজের মোবাইল ফোনের পাসওয়ার্ড পাঠান। পাসওয়ার্ড পাঠানোর পরেই তিনি ফোন বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্বামীর কাছ থেকেই তাঁরা মৃত্যুর খবর পান। এই ঘটনায় বেঙ্গালুরুর এইচএএল থানায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে ভোপাল ও বল্লারি থেকেও একই ধরণের মর্মান্তিক বধূমৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। ভোপালে অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্রবধূ ত্বিশা শর্মা এবং বল্লারি শহরে পশু চিকিৎসক প্রদীপ কুমারের স্ত্রী ঐশ্বর্যার মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। যৌতুক ও মানসিক নির্যাতন নিয়ে এই ধরণের একের পর এক মৃত্যু পুলিশি তদন্ত ও সামাজিক সচেতনতার ওপর বড় প্রশ্নচিহ্ন তুলেছে। পুলিশ প্রতিটি ক্ষেত্রেই স্বামীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।