“মৃত্যুপুরী হরমুজে জয়জয়কার!”-ভারতে ঢুকে গেল তেলবোঝাই জাহাজ, সস্তা হবে পেট্রল?

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের মাঝখান দিয়ে জয়ডঙ্কা বাজিয়ে ফিরল ভারতীয় স্বার্থবাহী তেলের জাহাজ। লাইবেরিয়ার পতাকাবাহী দানবীয় ট্যাঙ্কার ‘সেলং সুয়েজম্যাক্স’ (Shenlong Suezmax) বুধবার নিরাপদে মুম্বই বন্দরে নোঙর করেছে। যখন পারস্য উপসাগরে একের পর এক জাহাজে মিসাইল হামলা চালাচ্ছে ইরান, তখন ভারতের জন্য তাদের এই ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ পথের অনুমতি দেওয়াকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল।

নেপথ্যে জয়শঙ্করের ফোন: সূত্র মারফত জানা গিয়েছে, এই সাফল্যের নেপথ্যে রয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচির মধ্যে হওয়া অতি গোপনীয় এক ফোনালাপ। ভারত ও ইরানের দীর্ঘদিনের সুসম্পর্কের খাতিরেই হরমুজ প্রণালী অতিক্রমের বিশেষ সবুজ সঙ্কেত পায় ভারতীয় ক্যাপ্টেনের নেতৃত্বাধীন এই জাহাজটি। উল্লেখ্য, সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে আসছিল এই ট্যাঙ্কারটি।

কেন এই পথ এত বিপজ্জনক? বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ভারতের জন্য রওনা হওয়া একটি থাই জাহাজও এদিন হামলার মুখে পড়েছে। ইরানের হুঁশিয়ারি—যুদ্ধ আরও বাড়লে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার ছাড়িয়ে যাবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও ভারতীয় জাহাজকে পথ ছেড়ে দেওয়া দিল্লির ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবেরই প্রমাণ।

নজরদারিতে কেন্দ্র: বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ২৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং প্রায় ৭৮০ জন নাবিক অবস্থান করছেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাহাজ পরিবহন মন্ত্রকের তরফে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনীও।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy